আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৬ মার্চ || গত বছরের তুলনায় চলতি বছরের রাজ্য বাজেটে ৫ দশমিক ৫২ শতাংশ বৃদ্ধি হয়েছে বলে জানিয়েছেন রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। সোমবার বিধানসভায় আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে তিনি এই তথ্য তুলে ধরেন।
অর্থমন্ত্রী জানান, রাষ্ট্রকে আরও শক্তিশালী করার পাশাপাশি “বিকশিত ভারত” গঠনের লক্ষ্যকে সামনে রেখে এবারের বাজেট প্রণয়ন করা হয়েছে। তিনি বলেন, এই বাজেটে মূলধনী ব্যয়ের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে এবং ২০২৬–২৭ অর্থবর্ষের বাজেটে রাজ্যের প্রায় প্রতিটি ক্ষেত্রকে সমান গুরুত্ব দেওয়া হয়েছে।
স্বাস্থ্য খাতে একাধিক নতুন উদ্যোগের কথাও তুলে ধরেন তিনি। বাজেটে খোয়াই জেলা হাসপাতালে একটি ক্রিটিক্যাল কেয়ার ব্লক স্থাপন, বিভিন্ন স্থানে ট্রমা কেয়ার সেন্টার গড়ে তোলা এবং মাতৃ ও শিশু স্বাস্থ্য পরিষেবার জন্য বিশেষ উইং চালুর প্রস্তাব রাখা হয়েছে। পাশাপাশি আগরতলা গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ এবং গোবিন্দবল্লভ পন্থ হাসপাতালে জেরিয়াট্রিক ও ডায়াবেটিক কেয়ার ইউনিট চালু করার পরিকল্পনার কথাও জানান তিনি।
শিক্ষা খাতেও একাধিক উন্নয়নমূলক প্রকল্পের কথা উল্লেখ করেন অর্থমন্ত্রী। নতুন স্কুল ভবন নির্মাণের পাশাপাশি ত্রিপুরা গভর্নমেন্ট টেকনিক্যাল ইউনিভার্সিটি, ত্রিপুরা গভর্নমেন্ট উইমেন্স ইউনিভার্সিটি এবং ত্রিপুরা ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সেস গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।
কৃষি ও গ্রামীণ উন্নয়ন ক্ষেত্রেও নতুন পরিকল্পনা রয়েছে। এর মধ্যে নতুন গ্রামীণ বাজার, কৃষক জ্ঞান কেন্দ্র এবং একটি এগ্রিকালচার ফার্ম মেশিনারি ট্রেনিং ইনস্টিটিউট স্থাপনের প্রস্তাব রাখা হয়েছে।
প্রযুক্তি খাতের উন্নয়নের লক্ষ্যে সাইবার সিকিউরিটি অপারেশন সেন্টার, ত্রিপুরা আইটি অ্যান্ড ডাটা ইকোসিস্টেম জোন (টাইডেজ) এবং আগরতলা এআই সিটি প্রকল্পের অধীনে একটি আইটি পার্ক গড়ে তোলার পরিকল্পনাও রয়েছে বলে জানান অর্থমন্ত্রী।
এছাড়াও ক্রীড়া ও পরিকাঠামো উন্নয়নের অংশ হিসেবে নতুন স্টেডিয়াম গ্যালারি নির্মাণ, সিনথেটিক ফুটবল টার্ফ স্থাপন এবং গ্রামীণ এলাকায় একাধিক পাকা সেতু নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে বলে তিনি জানান।
