গন্ডাছড়ায় সিপিআই(এম)-এর শক্তি প্রদর্শন, এডিসি নির্বাচনে মনোনয়ন দাখিলকে ঘিরে মিছিল-সমাবেশ

সুব্রত দাস, গন্ডাছড়া, ২০ মার্চ || আসন্ন এডিসি নির্বাচনকে সামনে রেখে গন্ডাছড়া মহকুমায় সিপিআই(এম) দলের উদ্যোগে মনোনয়ন দাখিলকে কেন্দ্র করে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। বৃহস্পতিবার ৮ নং গঙ্গানগর-গন্ডাছড়া এবং ২৪ নং রাইমা ভ্যালি কেন্দ্র থেকে সিপিআই(এম) মনোনীত প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে তাদের মনোনয়ন পত্র জমা দেন।
এদিন গন্ডাছড়ার রিটার্নিং অফিসারের কার্যালয়ে উপস্থিত হয়ে প্রার্থী দঞ্চমনি রিয়াং এবং সুমতি রঞ্জন চাকমা মনোনয়ন দাখিল করেন। তাঁদের সঙ্গে উপস্থিত ছিলেন দলের ধলাই জেলা সম্পাদক অঞ্জন দাস, রাজ্য কমিটির সদস্য ললিত ত্রিপুরা ও ধনঞ্জয় ত্রিপুরা, পাশাপাশি সুশান্ত হাজারী, অর্চনা দাস, দশরানী ত্রিপুরা, রবিমোহন ত্রিপুরাসহ অন্যান্য নেতৃত্ব।
মনোনয়ন দাখিলের আগে দলীয় কর্মী-সমর্থকদের নিয়ে একটি বর্ণাঢ্য মিছিল বের করা হয়, যা গন্ডাছড়া এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করে। মিছিল শেষে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সেখানে বক্তব্য রাখতে গিয়ে জেলা সম্পাদক অঞ্জন দাস সহ অন্যান্য নেতৃবৃন্দ আসন্ন নির্বাচনে সিপিআই(এম)-এর প্রার্থীদের জয়ী করার আহ্বান জানান।
সমাবেশে বক্তারা দাবি করেন, এডিসি এলাকায় উন্নয়ন, কর্মসংস্থান এবং মৌলিক পরিষেবা নিশ্চিত করতে তাঁদের দল প্রতিশ্রুতিবদ্ধ। এদিনের কর্মসূচিতে দলীয় কর্মী-সমর্থকদের উল্লেখযোগ্য উপস্থিতি লক্ষ্য করা যায়, যা প্রার্থীদের প্রতি জনসমর্থনের ইঙ্গিত বহন করছে বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ।
উল্লেখ্য, এডিসি নির্বাচনকে ঘিরে ইতিমধ্যেই বিভিন্ন রাজনৈতিক দলের প্রচার তৎপরতা জোরদার হয়েছে। মনোনয়ন দাখিল পর্ব শেষ হওয়ার পর আগামী দিনে নির্বাচনী প্রচার আরও তীব্র হবে বলেই ধারণা করা হচ্ছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*