গোটা রাজ্যের সাথে খোয়াইতেও জেলা পুলিশ সুপারের নিকট দশ দফা দাবি সনদ পেশ এসপিও পরিবারের

গোপাল সিং, খোয়াই, ২০ মার্চ || দীর্ঘদিনের অসন্তোষ ও আর্থিক অনিশ্চয়তার প্রেক্ষাপটে দশ দফা দাবি সনদ তুলে ধরে গোটা রাজ্যের সাথে খোয়াইতেও বিক্ষোভে সামিল হলেন এসপিও’দের পরিবার। শুক্রবার খোয়াই অফিসটিলা এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে তারা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে গিয়ে জমায়েত হন।
সেখান থেকে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল জেলা পুলিশ সুপার রাণাদিত্য দাসের সঙ্গে সাক্ষাৎ করে তাঁদের দাবিপত্রের প্রতিলিপি তুলে দেন, যা পুলিশ মহানির্দেশকের উদ্দেশ্যে প্রেরণ করা হয়েছে। প্রতিনিধিদলের দাবি, দীর্ঘদিন ধরে এসপিওদের অনিশ্চিত চাকরি ও স্বল্প বেতনের কারণে চরম আর্থিক সঙ্কটে দিন কাটাতে হচ্ছে তাঁদের পরিবারকে।
দাবিপত্রে মূলত এসপিওদের স্থায়ী পদে নিয়মিতকরণের দাবি জানানো হয়েছে। পাশাপাশি বর্তমান বেতন কাঠামোকে অপ্রতুল বলে উল্লেখ করে পরিবারগুলির পক্ষ থেকে জানানো হয়, এই আয়ে সংসার চালানো, সন্তানদের শিক্ষার ব্যয় বহন করা এবং ন্যূনতম জীবনযাত্রা বজায় রাখা অত্যন্ত কঠিন হয়ে উঠেছে।
প্রতিবাদী পরিবারগুলির বক্তব্য, আর্থিক সীমাবদ্ধতার কারণে তারা সন্তানদের উন্নত শিক্ষা বা ভবিষ্যতের জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা দিতে পারছেন না, যা তাদের মানসিকভাবে বিপর্যস্ত করে তুলছে। “নুন আনতে পান্তা ফুরায়”—এই অবস্থার মধ্যেই প্রতিদিনের জীবনযাপন করতে হচ্ছে বলেও তারা জানান।
এমতাবস্থায় দ্রুত সমস্যার সমাধান ও দাবিগুলির প্রতি সহানুভূতিশীল দৃষ্টিভঙ্গি গ্রহণের জন্য প্রশাসনের কাছে আবেদন জানিয়েছেন তাঁরা। পরিস্থিতির চাপে দিশাহারা হয়ে অবশেষে পুলিশ সুপারের দ্বারস্থ হয়েছেন বলে জানান আন্দোলনকারীরা।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*