গোপাল সিং, খোয়াই, ২৯ মার্চ || আসন্ন টিটিএএডিসি নির্বাচনকে কেন্দ্র করে সংগঠনকে আরও মজবুত করতে জোরদার তৎপরতা শুরু করেছে ভারতীয় জনতা পার্টি। সেই লক্ষ্যেই খোয়াই জেলা কার্যালয়ে আয়োজিত এক গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠকে উপস্থিত ছিলেন টিটিএএডিসি নির্বাচন পরিচালন কমিটির রাজ্য কনভেনর তথা মন্ত্রী টিঙ্কু রায়।
এই বৈঠকে খোয়াই জেলার অন্তর্গত বিভিন্ন নির্বাচনক্ষেত্রের প্রভারী, মণ্ডল সভাপতি এবং দলীয় প্রার্থীদের নিয়ে বিস্তারিত আলোচনা হয়। উপস্থিত ছিলেন কমলপুরের বিধায়ক মনোজ কান্তি দেব, খোয়াই জেলা বিজেপি সভাপতি বিনয় দেববর্মা, জেলা সাধারণ সম্পাদক সমীর দাস, বিধায়ক পিনাকী দাস চৌধুরী, বিজেপি মনোনিত প্রার্থীগণ সহ অন্যান্য নেতৃত্বরা।
বৈঠকে হালাহালি-আশারামবাড়ী, রামচন্দ্রঘাট এবং মহারাণীপুর-তেলিয়ামুড়া কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থীদের সঙ্গে সংগঠনগত প্রস্তুতি, বুথভিত্তিক কৌশল এবং প্রচার পরিকল্পনা নিয়ে আলোচনা করেন মন্ত্রী টিঙ্কু রায়। দলীয় সূত্রে জানা যায়, আসন্ন নির্বাচনে সর্বোচ্চ ফলাফল নিশ্চিত করতে তৃণমূল স্তর পর্যন্ত সংগঠনকে সক্রিয় করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
এর আগে খোয়াই জেলা সফরের সূচনায় কল্যানপুর-প্রমোদনগর মণ্ডলের ২৮ নম্বর বুথে স্থানীয় বিধায়ক পিনাকী দাস চৌধুরী সহ দলীয় নেতৃত্ব ও জনজাতি কর্মীদের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘মন কি বাত’ অনুষ্ঠানের ১৩২তম পর্বে অংশগ্রহণ করেন মন্ত্রী টিঙ্কু রায়।
পরে একই মণ্ডলে আয়োজিত এক যোগদান কর্মসূচিতে ১১টি পরিবারের মোট ৩৫ জন ভোটার ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেন। মন্ত্রী নিজ হাতে তাঁদের দলীয় পতাকা তুলে দিয়ে দলে স্বাগত জানান এবং আগামী দিনে উন্নয়নমূলক কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ নেওয়ার আহ্বান জানান।
সবমিলিয়ে, খোয়াই জেলায় বিজেপির এই ধারাবাহিক সাংগঠনিক তৎপরতা স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে—আসন্ন টিটিএএডিসি নির্বাচনকে সামনে রেখে দল কোনওরকম ঝুঁকি নিতে রাজি নয়। বুথস্তর থেকে শুরু করে প্রার্থী পর্যন্ত সমন্বিত প্রস্তুতির মধ্য দিয়েই জয়ের পথ প্রশস্ত করতে চাইছে শাসকদল।
