গোপাল সিং, খোয়াই, ২৯ মার্চ || আসন্ন স্বশাসিত জেলা পরিষদ (টিটিএএডিসি) নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক পারদ চড়ছে রাজ্যে। এরই মধ্যে রবিবার সন্ধ্যায় তেলিয়ামুড়া মহকুমার মানিক বাজার এলাকায় এক নজিরবিহীন উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। অভিযোগ উঠেছে, জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মার কনভয়ে হামলা চালিয়েছে একদল দুষ্কৃতী।
ঘটনার বিবরণে মন্ত্রী বিকাশ দেববর্মা জানান, তেলিয়ামুড়া থানাধীন মানিক বাজার এসপিও ক্যাম্প সংলগ্ন এলাকায় উনার গাড়ি লক্ষ্য করে অতর্কিত হামলা চালানো হয়। এই হামলায় মন্ত্রীর ব্যবহৃত গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়েছে। শুধু মন্ত্রীর গাড়িই নয়, তার সাথে থাকা আরও বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়েছে বলে প্রাথমিক খবরে জানা গেছে। হামলায় বেশ কয়েকজন বিজেপি কর্মী-সমর্থক আহত হয়েছেন বলেও দাবি করা হয়েছে।
এই ন্যাক্কারজনক ঘটনার পেছনে তিপ্রামথা দলের কর্মী ও সমর্থকদের দিকে অভিযোগের আঙুল তুলেছে শাসক দল বিজেপি। যদিও তিপ্রামথার পক্ষ থেকে এই অভিযোগ এখনো আনুষ্ঠানিকভাবে স্বীকার করা হয়নি।
ঘটনার খবর পেয়েই বিশাল পুলিশ বাহিনী এবং টিএসআর জওয়ানরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। বর্তমানে ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং দোষীদের শনাক্ত করার চেষ্টা চলছে। নির্বাচনের আগে এমন রাজনৈতিক সহিংসতার ঘটনায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
