আপডেট প্রতিনিধি, আগরতলা, ৩১ মার্চ || গভীর রাতে অল্টো গাড়িতে গরু চুরির মতো চাঞ্চল্যকর ঘটনায় চাঞ্চল্য ছড়াল কৈলাসহর মহকুমায়। তবে পালানোর সময় দুর্ঘটনাই কাল হয়ে দাঁড়াল চোরদের জন্য। দ্রুতগতিতে গাড়ি চালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে খাদে পড়ে যায় গাড়িটি। ফলে চোরদের ফেলে যাওয়া গাড়ি ও চুরি করা গরু উদ্ধার হলেও, অন্ধকারের সুযোগে পালিয়ে যেতে সক্ষম হয় দুষ্কৃতীরা।
ঘটনাটি রবিবার গভীর রাতে কৈলাসহরের গৌরনগর আর ডি ব্লকের ধলিয়ারকান্দি হামীদপুর এলাকায় ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, একদল চোর দুটি গরু চুরি করে একটি সাদা রঙের অল্টো গাড়িতে তুলে দ্রুত পালিয়ে যাচ্ছিল। কিন্তু হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি রাস্তার পাশে খাদে পড়ে যায়।
বিকট শব্দে ঘুম ভেঙে যায় এলাকার বাসিন্দাদের। তারা ঘটনাস্থলে ছুটে গিয়ে দেখতে পান, দুর্ঘটনাগ্রস্ত গাড়ির ভেতরে গরু বোঝাই করা রয়েছে। তৎক্ষণাৎ গ্রামবাসীরা গরু দুটিকে উদ্ধার করে নিরাপদে নিয়ে যান।
উদ্ধার হওয়া গাড়িটির নম্বর TR05G0387। স্থানীয়দের দাবি, এটি একটি ভিআইপি নম্বরধারী গাড়ি এবং এর আগেও এই গাড়িকে ব্যবহার করে এলাকায় একাধিক চুরির ঘটনা ঘটেছে। বহুবার অভিযোগ করা সত্ত্বেও প্রশাসনের নজর এড়িয়ে গিয়েছিল চক্রটি।
এলাকাবাসীর অভিযোগ, বারবার এমন চুরির ঘটনায় তাঁরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। তাঁদের দাবি, অবিলম্বে পুলিশ প্রশাসন কঠোর ব্যবস্থা গ্রহণ করে এই চক্রের মূল হোতাদের গ্রেপ্তার করুক এবং ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হোক।
ঘটনার পর এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। এখন দেখার বিষয়, পুলিশ কত দ্রুত পলাতক চোরদের গ্রেপ্তার করতে সক্ষম হয়।
