সাগর দেব, তেলিয়ামুড়া, ০৮ এপ্রিল || আসন্ন এডিসি নির্বাচনকে কেন্দ্র করে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে। এই প্রেক্ষাপটে তেলিয়ামুড়া অঞ্চলে বিজেপি সমর্থকদের উপর হামলার অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।
জানা গেছে, এদিন তেলিয়ামুড়ার দুষ্কি বাজারে এডিসি নির্বাচন উপলক্ষে বিজেপির উদ্যোগে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে একটি জনসভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সেই সভায় যোগ দিতে কল্যাণপুরের আর এস পাড়া ও সংলগ্ন এলাকা থেকে বিজেপি সমর্থকেরা সভাস্থলের উদ্দেশ্যে রওনা দেন। অভিযোগ, পথের মধ্যে কল্যাণপুর থানার অন্তর্গত মেরুং বাজার এলাকায় তাঁদের উপর হামলা চালানো হয়।
ঘটনার বিবরণ দিতে গিয়ে বিজেপি কর্মী রথীন্দ্র দেববর্মা দাবি করেছেন, হঠাৎ করেই মথা দল আশ্রিত দুষ্কৃতিকারীরা তাঁদের পথরোধ করে। তাঁর অভিযোগ, দুই রাউন্ড গুলি চালানো হয় এবং একটি গ্রেনেড নিক্ষেপ করা হয়। যদিও সৌভাগ্যবশত গ্রেনেডটি বিস্ফোরিত না হওয়ায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে বলে তিনি জানান। তবে এই ঘটনায় প্রায় ১০ থেকে ১৫ জন আহত হয়েছেন এবং একাধিক যানবাহন ভাঙচুর করা হয়েছে বলেও অভিযোগ ওঠে।
দিনের আলোয় এই ধরনের হামলার ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। যদিও সর্বশেষ প্রাপ্ত খবর অনুযায়ী পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে থাকলেও এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
এদিকে, পরবর্তীতে দুষ্কি বাজারে অনুষ্ঠিত জনসভায় মুখ্যমন্ত্রী আসন্ন নির্বাচনে বিজেপিকে জয়ী করার আহ্বান জানান। একইসঙ্গে এদিনের ঘটনাকে কেন্দ্র করে তিনি বিরোধী দল মথার কড়া সমালোচনা করে বলেন, “মথার মাথা নষ্ট হয়ে গেছে বলেই এ ধরনের ঘটনা ঘটছে।”
এই ঘটনার পর রাজনৈতিক মহল থেকে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বাড়ছে। অনেকেই প্রশ্ন তুলছেন, এডিসি নির্বাচনকে কেন্দ্র করে কি আবারও অতীতের অশান্ত পরিস্থিতির পুনরাবৃত্তি হতে চলেছে?
