বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ০৪ মে || পথচারীকে বাঁচাতে গিয়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনার শিকার হলেন দুই ব্যক্তি। ঘটনাটি ঘটেছে জোলাইবাড়ী থেকে বিলোনিয়া যাওয়ার পথে ফায়ার সার্ভিস সংলগ্ন এলাকায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার রাত আনুমানিক ৭টা নাগাদ টি আর ০৩ পি ৮১২৬ নম্বরের একটি মোটরবাইক দ্রুতগতিতে যাওয়ার সময় হঠাৎ সামনে থাকা এক পথচারীকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারায়। ফলে বাইকটি দুর্ঘটনার কবলে পড়ে যায়। এতে বাইকচালকসহ বাইকে থাকা অপর আরোহী রাস্তায় ছিটকে পড়ে গুরুতরভাবে আহত হন।
দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা সঙ্গে সঙ্গে জোলাইবাড়ী দমকল বাহিনীকে খবর দেন। দমকল কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে জোলাইবাড়ী সামাজিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান।
আহত দুইজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন মুহুরীপুর এলাকার বাসিন্দা সঞ্জয় কর (৪৫) এবং শ্যামল দে (৪০)। বর্তমানে তারা জোলাইবাড়ী সামাজিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাধীন রয়েছেন।
এই দুর্ঘটনার সঠিক কারণ জানতে তদন্ত শুরু করেছে জোলাইবাড়ী ফাঁড়ি থানার পুলিশ।
