গোপাল সিং, খোয়াই, ০৫ মে || ড. শ্যামাপ্রসাদ মুখার্জির আদর্শে প্রতিষ্ঠিত দল ভারতীয় জনতা পার্টি আজ তাঁরই জন্মভূমি বাংলায় জনতার রায়ে ক্ষমতা দখল নিল। বাংলার পাশাপাশি ভারতের আরও তিন রাজ্যে বিজেপির এই অভাবনীয় জয়ের ঢেউ আছড়ে পড়ল ত্রিপুরাতেও। এই ঐতিহাসিক সাফল্যকে উদযাপন করতে গোটা রাজ্য জুড়ে আনন্দ ও বিজয় উৎসবে মেতে উঠলেন দলীয় কর্মী-সমর্থকরা।
আগরতলায় আয়োজিত বিজয় উৎসবে অংশ নিয়ে বিশেষ প্রতিক্রিয়া ব্যক্ত করেন ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। তিনি বলেন, এই জয় আসলে মানুষের আস্থার জয়। রাজ্যের ক্যাবিনেট মন্ত্রী টিঙ্কু রায় দলের এই অভাবনীয় ফলাফল নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেন।
উৎসবের আমেজ দেখা গেছে খোয়াই জেলাতেও। বাংলার জয়ের আঁচ সেখানে পৌঁছাতেই খোয়াই মন্ডলের নেতৃত্ব ও কর্মীরা রাস্তায় নেমে বিজয় মিছিলে সামিল হন। আবির খেলা এবং মিষ্টি বিতরণের মাধ্যমে তারা এই সাফল্য উদযাপন করেন। কর্মীদের উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো।
উল্লেখ্য, ১৯৫১ সালে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সহযোগিতায় যে জনসঙ্ঘের সূচনা ড. মুখার্জি করেছিলেন, আজ তা ভারতীয় জনতা পার্টি হিসেবে দেশের গণ্ডি ছাড়িয়ে প্রতিটি প্রান্তে পৌঁছে গেছে। ভারতের প্রথম শিল্প ও সরবরাহ মন্ত্রী হিসেবে তাঁর যে অবদান, আজ তাঁর দল বাংলার শাসনভার নিজের দখলে নিয়ে তাঁকে শ্রেষ্ঠ সম্মান জানালো বলে মনে করছে রাজনৈতিক মহল। সব মিলিয়ে আগরতলা থেকে খোয়াই— ত্রিপুরার কোণায় কোণায় আজ শুধুই গেরুয়া আবিরের জয়গান।
