ক্যান্সার আক্রান্ত নাবালিকার চিকিৎসায় সহায়তার হাত, ৭৫ হাজার টাকার আর্থিক সাহায্য বিধায়কের

গোপাল সিং, খোয়াই, ০৪ জুন || মারণ রোগ ক্যান্সারে আক্রান্ত এক নাবালিকা কিশোরীর জীবন রক্ষার লড়াইয়ে পাশে দাঁড়ালেন কল্যাণপুর-প্রমোদনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক পিনাকী দাস চৌধূরী। উন্নত চিকিৎসার জন্য তাৎক্ষণিকভাবে ৭৫ হাজার টাকার আর্থিক সহায়তা প্রদান করেছেন তিনি।
জানা গেছে, রামচন্দ্রঘাট বিধানসভা কেন্দ্রের খাস কল্যাণপুর এলাকার এক দরিদ্র পরিবারের সাড়ে ১৬ বছর বয়সী কন্যা বর্তমানে ক্যান্সারে আক্রান্ত হয়ে আগরতলার আঞ্চলিক ক্যান্সার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। শারীরিক অবস্থার অবনতির কারণে উন্নত চিকিৎসার জন্য তাকে মুম্বাইয়ের একটি বিশেষায়িত হাসপাতালে নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছে। তবে ব্যয়বহুল চিকিৎসার খরচ বহন করা পরিবারের পক্ষে অত্যন্ত কঠিন হয়ে পড়েছে।
এমন পরিস্থিতিতে অসহায় পিতা মেয়ের চিকিৎসার জন্য সাহায্যের আশায় বিধায়কের দ্বারস্থ হন। পরিবারের আর্থিক সংকট ও নাবালিকার শারীরিক অবস্থার কথা শুনে মানবিক দৃষ্টিভঙ্গি থেকে দ্রুত সহায়তার সিদ্ধান্ত নেন বিধায়ক।
বিধায়ক তাঁর ব্যক্তিগত সাম্মানিক ও ভাতা থেকে ৭৫ হাজার টাকার একটি চেক নাবালিকার পিতার হাতে তুলে দেন। পাশাপাশি তিনি পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করে কিশোরীর দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন।
বিধায়কের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন খাস কল্যাণপুরসহ আশপাশ এলাকার বাসিন্দারা। তাঁদের মতে, সংকটের মুহূর্তে একজন জনপ্রতিনিধির এ ধরনের মানবিক পদক্ষেপ সমাজে ইতিবাচক বার্তা বহন করে এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর অনুপ্রেরণা জোগায়।
এদিকে, নাবালিকার উন্নত চিকিৎসার জন্য সমাজের বিভিন্ন স্তরের মানুষ ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকেও সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন পরিবারের সদস্যরা।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*