আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৪ জুন || বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পরিবেশ সংরক্ষণ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ত্রিপুরা রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ (টিএসপিসিবি)-এর উদ্যোগে বৃহস্পতিবার আগরতলার সুকান্ত একাডেমীতে ছাত্রছাত্রীদের নিয়ে এক বর্ণাঢ্য ‘বসে আঁকো’ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এবারের বিশ্ব পরিবেশ দিবসের মূল ভাবনা ছিল— “Inspired by Nature. For Climate. For our Future”, অর্থাৎ “প্রকৃতি আমাদেরকে অনুপ্রাণিত করে, জলবায়ুর জন্য, আমাদের ভবিষ্যতের জন্য”।
সকাল ৭টা থেকে শুরু হওয়া এই প্রতিযোগিতায় বিভিন্ন বিদ্যালয়ের প্রায় ২৫০ জন ছাত্রছাত্রী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। প্রতিযোগিতাটি তিনটি বিভাগে— গ্রুপ-এ, গ্রুপ-বি এবং গ্রুপ-সি— অনুষ্ঠিত হয়। পরিবেশ রক্ষা ও প্রকৃতি সংরক্ষণের বার্তা তুলে ধরে অংশগ্রহণকারীরা তাদের সৃজনশীলতা ক্যানভাসে ফুটিয়ে তোলে।
প্রতিযোগিতা শেষে সুকান্ত একাডেমীর অডিটোরিয়াম হলে আয়োজিত হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান। প্রতিটি বিভাগ থেকে প্রথম ১০ জন স্থানাধিকারীকে ত্রিপুরা রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের পক্ষ থেকে ট্রফি ও সার্টিফিকেট প্রদান করা হয়।
ফলাফল অনুযায়ী, গ্রুপ-এ বিভাগে প্রথম স্থান অর্জন করে শ্রী শ্রী রবিশঙ্কর বিদ্যামন্দিরের ছাত্র শ্রেয়াংস দাস, গ্রুপ-বি বিভাগে প্রথম হয় শ্রীকৃষ্ণ মিশন স্কুলের দীপ্তাংশু ঘোষ এবং গ্রুপ-সি বিভাগে প্রথম স্থান অধিকার করে শ্রীকৃষ্ণ মিশন স্কুলের রনিকেত দাস।
এদিন একই অনুষ্ঠানে গত ২৯ মে অনুষ্ঠিত রাজ্যস্তরীয় কুইজ প্রতিযোগিতার বিজয়ী ও রানার্স-আপ দলগুলির হাতেও ট্রফি, সার্টিফিকেট এবং চেক তুলে দেওয়া হয়। কুইজ প্রতিযোগিতায় দক্ষিণ ত্রিপুরা জেলা বিজয়ী হয় এবং সিপাহিজলা জেলা রানার্স-আপের সম্মান অর্জন করে।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের সদস্য সচিব ড. বিশু কর্মকার, বিজ্ঞান, প্রযুক্তি ও পরিবেশ দপ্তরের সিনিয়র সায়েন্টিফিক অফিসার সুশান্ত বণিক, অ্যাসিস্ট্যান্ট এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ার অপরাজিতা দাস এবং অমরেন্দ্র জমাতিয়া সহ অন্যান্য কর্মকর্তারা।
অনুষ্ঠানের শেষ পর্বে পরিবেশ সুরক্ষা বিষয়ক একটি শপথ গ্রহণ করা হয়। ‘মিশন লাইফ’ কর্মসূচির আওতায় অংশগ্রহণকারীরা দৈনন্দিন জীবনে পরিবেশবান্ধব জীবনশৈলী গ্রহণ ও তা বাস্তবায়নের অঙ্গীকার করেন। বক্তারা পরিবেশ রক্ষায় প্রত্যেক নাগরিকের সক্রিয় ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন এবং আগামী প্রজন্মের জন্য একটি সুস্থ ও সবুজ পৃথিবী গড়ে তোলার আহ্বান জানান।
