খোয়াই পদ্মবিলে বর্ণাঢ্য আয়োজনে টিডব্লিউএফ-এর পঞ্চম প্রতিষ্ঠা দিবস উদযাপন, দেশ গঠনে নারীদের ভূমিকার ওপর আলোকপাত বিধায়ক রঞ্জিত দেববর্মা’র

গোপল সিং, খোয়াই, ০৬ জুন || খোয়াই জেলার রামচন্দ্রঘাট বিধানসভা কেন্দ্রের অন্তর্গত পদ্মবিলের কাঞ্চন প্রভা দেবী কমিউনিটি হলে আজ এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে টিডব্লিউএফ (তিপ্রা উইমেনস ফেডারেশন)-এর পঞ্চম প্রতিষ্ঠা দিবস উদযাপিত হয়েছে। প্রথমেই মহারাজা বীরবিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের প্রতিকৃতিতে মাল্যদান করা হয়। এই ঐতিহাসিক ও তাৎপর্যপূর্ণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক রঞ্জিত দেববর্মা। তাঁর গৌরবময় উপস্থিতিতে সংগঠনের নেতা-কর্মী ও সমর্থকদের মধ্যে এক অভূতপূর্ব উদ্দীপনা লক্ষ্য করা গেছে। এছাড়াও উপস্থিত ছিলেন রামচন্দ্রঘাটের এমডিসি জেমস দেববর্মা, প্রাক্তন এমডিসি রুনেল দেববর্মা সহ তিপ্রা উইমেনস ফেডারেশন-এর নারী নেত্রীগণ।
আজকের এই বিশেষ প্রতিষ্ঠা দিবসকে কেন্দ্র করে কাঞ্চন প্রভা দেবী কমিউনিটি হল চত্বর কার্যত এক টুকরো ঐতিহ্যবাহী ত্রিপুরায় পরিণত হয়েছিল। অনুষ্ঠানে আগত টিডব্লিউএফ যোদ্ধারা জনজাতির চিরাচরিত ঐতিহ্য মেনে রিগনাই ও রিশার বিভিন্ন রঙের বাহারি ও আকর্ষণীয় পোশাকে সজ্জিত হয়ে সভাকক্ষে উপস্থিত হয়েছিলেন। তাঁদের এই সাবেকি পোশাক অনুষ্ঠানটিতে এক অনন্য সাংস্কৃতিক মাত্রা যোগ করে।প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় মূল আলোচ্য বিষয় ছিল—দেশ ও জাতির ঐতিহাসিক তথা বর্তমান সংগ্রামে নারীদের অগ্রণী ভূমিকা। বক্তারা তাঁদের বক্তব্যে সমাজ গঠন, অধিকার রক্ষা এবং সার্বিক জাতীয় আন্দোলনে নারী শক্তির অবদান ও গুরুত্বের কথা বিশেষভাবে তুলে ধরেন। এই শুভ দিনটি উদ্‌যাপনের পাশাপাশি সমাজের প্রতি দায়বদ্ধতা থেকে একটি জনকল্যাণমূলক কর্মসূচিও হাতে নেওয়া হয়েছিল। প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে স্থানীয় এলাকার দুস্থ ও নিহতদের পরিবারগুলির পাশে দাঁড়িয়ে তাঁদের হাতে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী হিসেবে আটা, তেল এবং ডাল বিতরণ করা হয়। আজকের এই গোটা কর্মসূচিকে কেন্দ্র করে পদ্মবিল এলাকায় জনজাতির মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*