জাতীয় ডেস্ক ।। পাকিস্তানের ভূখণ্ড থেকে ভারতে কোনও জঙ্গি অনুপ্রবেশ হবে না, সে দেশের রেঞ্জার্স বাহিনীকে তা সুনিশ্চিত করতে হবে। সীমান্ত নিয়ে আলোচনার জন্য নয়াদিল্লি আসা পাক রেঞ্জার্সের প্রতিনিধিদলকে এ কথা বললেন রাজনাথ সিংহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করেন তাঁরা। প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন পাক রেঞ্জার্স বাহিনীর ডিরেক্টর জেনারেল উমর ফারুক বার্কি। রাজনাথ তাঁদের বলেন, ভারত সব প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায়। তাই সীমান্তে ভারত কখনই পাকিস্তানের দিকে প্রথম গুলিটা ছুঁড়বে না। এ প্রসঙ্গে রাজনাথের বক্তব্য, নিরাপত্তাবাহিনীর ইউনিফর্মের বিরাট গুরুত্ব, তাকে নিশানা করা উচিত নয়। কোনও কারণে একদিক থেকে গুলি চললে অন্য পক্ষ যেন প্রথমেই পাল্টা আঘাত না করে বিষয়টা খতিয়ে দেখে। তবে বার্কি তাঁকে বলেন, তিনি তাঁর দেশের একটি বাহিনীর ডিজি মাত্র, স্বরাষ্ট্রমন্ত্রীর মতো শীর্ষ পদে থাকা কেউ নন। ফলে এ ব্যাপারে তাঁর পক্ষে কোনও প্রতিশ্রুতি দেওয়া সম্ভব হচ্ছে না। যদিও তিনি রাজনাথের বার্তা পাক নেতৃত্বের কাছে পৌঁছে দেবেন। রাজনাথ পাক দলটিকে এও বলেন, সন্ত্রাসবাদের বিপদের মোকাবিলা করতে হবে ভারত, পাকিস্তান দু দেশকেই। ভারতের মতো পাকিস্তানও সন্ত্রাসবাদের শিকার বলে মন্তব্য করেন রাজনাথ। রাজনাথ এও বলেন, ভারত নানা স্তরে পাকিস্তানের সঙ্গে আলোচনা চায় বলেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাশিয়ার উফায় পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের সঙ্গে বৈঠকে বসেছিলেন। জাতীয় উপদেষ্টা স্তরের বৈঠক হয়নি। এটা দুর্ভাগ্যের বিষয়। কিন্তু পাকিস্তানের সঙ্গে ভাল সম্পর্ক চাই আমরা। শুধু বলতে হয় বলে নয়, আমি অন্তরের গভীর থেকেই এ কথা বলছি। প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়িকে উদ্ধৃত করে রাজনাথ আরও বলেন, আমরা বন্ধু বদলাতে পারি, কিন্তু প্রতিবেশীদের নয়। সেজন্যই সব প্রতিবেশীর সঙ্গে ভাল সম্পর্ক রাখা দরকার।
