দেবজিৎ চক্রবর্তী, আগরতলা, ০৩ জানুয়ারী ।। ১ জানুয়ারী থেকে পুলিশ সপ্তাহ উদযাপন শুরু হলেও রবিবার অরুন্ধুতিনগরস্থিত পুলিশ গ্রাউন্ডে অনুষ্ঠিত হয় মূল অনুষ্ঠান। পুলিশ সপ্তাহে জননিরাপত্তা থেকে শুরু করে সামাজিক সংযোগে সুরক্ষা নিশ্চিৎ করার বিষয় থেকে ঘাটতি খামতি নিয়েও আলোচনা হয়ে থাকে। রবিবার, পুলিশ সপ্তাহ উদযাপনের বিশেষ কর্মসূচীতে আরক্ষা প্রশাসনের বিভিন্ন বিভাগের ১০ প্লেটুন জোয়ান সুদৃশ্য প্যারেডে অংশ নেয়। সুসজ্জিত পোশাক আর ব্যান্ডের তালে ছন্দে পদচারনায় মুগ্ধ হন উপস্থিত সকলে। পাশাপাশি রক্তদান শিবির, আরক্ষা কর্মীর সন্তানদের স্কলারশিপ, উৎকৃষ্ট কর্ম প্রদর্শনের জন্য দেওয়া হয় পুরস্কার। পুলিশ সপ্তাহ উদযাপনের মূল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মূখ্যমন্ত্রী মানিক সরকার, পুলিশ গ্রাউন্ডে কুচকাওয়াজে সেলামী গ্রহন করেন মূখ্যমন্ত্রী। অনুষ্ঠানে মূখ্যমন্ত্রী তাঁর ভাষনে পুলিশি ভূমিকার প্রশংসার পাশাপাশি আত্মতুষ্টি সম্পর্কে সজাগ থাকার পরামর্শ দেন, সন্ত্রাস দমনে পুলিশের ভূমিকা থেকে বর্তমান প্রেক্ষাপট সহ নানা বিষয়ে আলোকপাত করেন। রাজ্যের পুলিশ মহানির্দেশক কে নাগরাজ সহ রাজ্য আরক্ষা দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন পুলিশ প্যারেড গ্রাউন্ডে।
