আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৭ ডিসেম্বর ৷৷ চাকুরিচ্যুত ১০,৩২৩ ইস্যুতে নয়া মোড়। সুপ্রিম কোর্টের রায়ে চাকুরিচ্যুত ১০,৩২৩ জন শিক্ষক-শিক্ষিকার চাকরির নিশ্চয়তা নিয়ে চাকুরিচ্যুতরা রীতিমত ধারাবাহিক আন্দোলনে করছেন। সম্প্রতি চাকুরিচ্যুত ১০,৩২৩ জন শিক্ষকদের একাংশ আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক সন্মেলন করে জানিয়েছিলেন, ৪৮ ঘন্টার মধ্যে রাজ্য সরকার যদি তাদের চাকরির নিশ্চয়তা না দেয় তবে ৪৮ ঘন্টার পর তারা সড়ক পথ ও রেলপথ অবরোধে বসবে। এই সময় রাজ্যের আইন শৃঙ্খলার অবনতি ঘটলে এর জন্য রাজ্য সরকার দায়ী থাকবে। শুক্রবার তাদের ৪৮ ঘন্টার মেয়াদ শেষ হবে। কিন্তু তার আগেই বৃহস্পতিবার সকাল থেকে চাকুরিচ্যুত ১০,৩২৩ জন শিক্ষকদের একাংশ মহাকরণে মূল গেটের সামনে গণঅবস্থানে বসেন। এদিন গণঅবস্থান থেকে চাকুরিচ্যুত শিক্ষকরা বলেন, রাজ্য সরকারকে তাদের দায়িত্ব নিয়ে আবার তাদের চাকরিতে নিয়োগ করতে হবে। তবে তারা নিজেদের চাকরির নিশ্চয়তার দাবিতে সড়ক পথ ও রেলপথ অবরোধের বিপক্ষে। এই গণঅবস্থান থেকেই প্রমানিত চাকুরিচ্যুত ১০,৩২৩ জন শিক্ষকদের আন্দোলন আড়াআড়ি ভাবে বিভক্ত। তাদের আন্দোলনের গতিপথও পৃথক।জানাযায়, সন্ধ্যার পর শিক্ষামন্ত্রী চাকুরিচ্যুত শিক্ষকদের মধ্যে ৮ জনের এক প্রতিনিধিদলের সাথে মহাকরণে ডেকে নিয়ে সাক্ষাৎ করেন।
