আপডেট প্রতিনিধি, বক্সনগর, ১৯ নভেম্বর || সীমান্তে বি এস এফের মারে আহত সপ্তম শ্রেণির এক স্কুল ছাত্র। সাথে থাকা আরও দুজনকে হেনস্তা করা হয়। ঘটনা শনিবার দুপুর বক্সনগর দক্ষিণপাড়া এলাকায়। জানা গেছে, এলাকার আবুল হোসেনের ছেলে আরিফ হোসেন দুপুরের খাওয়া শেষে সীমান্ত সংলগ্ন বাড়ির পাশেই হাঁটছিল। তখনই সীমান্তে কর্তব্যরত বিএসএফ জওয়ান হয়তো সন্দেহের বশে কোনো কিছু জিঙ্গেস না করে ছাত্র আরিফ হোসেনকে লাঠি দ্বারা আঘাত করে। লাঠির আঘাতের ফলে আর পিঠে এবং হাতে আঘাতপ্রাপ্ত হয় এবং আরিফের সাথে থাকা ঐ এলাকারই যুবক ময়নাল হোসেন এবং এবাদুল হোসেনকে চরমভাবে হেনস্থা করে বলে অভিযোগ। বি এস এফ জওয়ানদের এমন অন্যায় আচরনের ফলে প্রচণ্ড ক্ষুব্ধ হয়ে এলাকাবাসী। প্রথম দিকে রাস্তা অবরোধ করার সিদ্ধান্ত নেয়। কিন্তু পরবর্তীতে ঘটনাস্থলে কলমচৌড়া থানার পুলিশ এসে উপস্থিত হওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে আসে। এদিকে গ্রামবাসীদের অভিযোগ, বিএসএফ জওয়ানদের এমন ঘটনা নতুন কিছু নয়। নিত্যদিন বিএসএফ জওয়ানরা সীমান্তের কর্তব্যরত থাকাকালীন এলাকাবাসীর সাথে বিভিন্ন অশালীন আচরণ করে চলছেন। বিষয়টি নিয়ে বহুবার মহকুমা শাসক থেকে শুরু করে উর্দ্ধতন কর্তৃপক্ষের নজরে নিলেও তারা সেটা নিয়ে কোনো কর্ণপাত করছেন না।
এদিকে গ্রামবাসী এবং বিএসএফ জওয়ানের এমন ঘটনার ফলে কলমচৌড়া থানার দুজন এস আই শংকর দাস, এল ডার্লং এবং এলাকার কয়েকজন বিশিষ্ট্য ব্যক্তি বক্সনগর বিও পি ক্যাম্পে গেলে, ক্যাম্পের দায়িত্বরত ইন্সপেক্টর সুবল কুমার এমন ঘটনা ভবিষ্যতে হবে না বলে প্রতিশ্রুতি দেন। তিনি এলাকাবাসীকেও জোয়ানদের সীমান্ত এলাকায় দায়িত্ব পালনের ক্ষেত্রে সহযোগিতা করার অনুরোধ জানান।
