আন্তর্জাতিক ডেস্ক ।। লন্ডনের এক খাবারের দোকানের বাইরে ভিক্ষা করে জমানো অর্থ দিয়ে গত ছয় মাসে প্যারিস, মোনাকো এবং ইবিজা ঘুরে এসেছেন এক ভিক্ষুক।
প্রতিদিন বাসা থেকে ২০০ মাইল দূরে বাসে করে ওই খাবারের দোকানের সামনে গিয়ে ভিক্ষা করেন তিনি। সেখান থেকে পাওয়া অর্থ দিয়ে বিলাসবহুল জীবনযাপনের পাশাপাশি তিনি বিভিন্ন স্থানও ঘুরতে যাচ্ছেন।
তবে মাঝে মাঝে ভিক্ষা থেকে প্রাপ্ত অর্থ পেয়ে তার মন খারাপ হয়। যেমন কিছুদিন আগেই ফেসবুকে লিখেছেন এ মনোকষ্টের কথা। ওইদিন বিখ্যাত গায়ক সাইমন কাওয়েল তাকে ৫০ পাউন্ডের বদলে মাত্র ২০ পাউন্ড ভিক্ষা দিয়েছিলেন।
এ সম্পর্কে তিনি ফেসবুকে লেখেন, আজ সাইমন মাত্র ২০ পাউন্ড দিল।
ভিক্ষুকের নাম ড্যামিয়েন প্রেসটন। বয়স ৩৭ বছর। তবে সবসময়ই তার ভিক্ষা করার ইচ্ছে নেই বলে জানালেন। তিনি বলেন, আমি এখন একটি ফ্ল্যাট কিনেছি। আর একটি জীবনবৃত্তান্ত তৈরি করেছি। আমি এখন একটি চাকরির জন্য চেষ্টা করবো।
তিনি আরও বলেন, আসলে আমার লুকানোর মতো কিছু নেই। আমি আগে ঘরহীন ছিলাম। এরপর ভিক্ষা শুরু করি। গত অক্টোবরে ভিক্ষার অর্থ দিয়ে একটি ফ্ল্যাট কিনেছি। এখন ফ্ল্যাটের বিভিন্ন জিনিসপত্র কেনার জন্য ভিক্ষা করছি।
