জাতীয় ডেস্ক ।। মাত্র দশ টাকার জন্য প্রাণ দিতে হলো মুম্বাই শহরের ফিরোজ শেখ নামের এক মুরগি বিক্রেতাকে। আর এ জঘন্য কাজটি করেছে তিন ক্রেতা। নিহত ফিরোজ শেখের বয়স ৩৫ বছর।
পুলিশের বরাত দিয়ে সংবাদ সংস্থা এনডিটিভি জানিয়েছে, সোমবার স্থানীয় সময় রাত সাড়ে ৮টার দিকে মুম্বাইয়ের এলফিনস্টোন এলাকায় ফিরোজের দোকানে মুরগি কিনতে যান তিন ক্রেতা। তারা হলেন কুন্দন চৌধুরী (২৪),সঞ্জয় ভারতী এবং দামোদর সাহু (২০)। তারা মুম্বাইয়ের এক খাবারের দোকানে কাজ করেন।
তারা ফিরোজের কাছ থেকে দামাদামি করে ১০৫ টাকা দিয়ে একটি মুরগি কেনেন। তারা তাকে ১১৫ টাকা দেন। কিন্তু মুরগি বিক্রেতা তাদের পাওনা ১০ টাকা ফেরত দিতে অস্বীকার করেন। এ নিয়ে ফিরোজের সঙ্গে বিতণ্ডায় জড়িয়ে পড়েন ওই ক্রেতারা।
ঝগড়ার এক পর্যায়ে তারা তাকে মারতে শুরু করেন। তারা তাকে সমানে কিল ঘুষি এবং লাথি মারতে থাকেন। এতে সজ্ঞাহীন হয়ে মাটিতে লুটিয়ে পড়েন ফিরোজ।
এ সময় অন্য পথচারীরা ছুটে আসেন এবং তারা কন্দন চৌধুরীকে আটক করেন। বাকি দুজন পালিয়ে যান। তারা ফিরোজকে ধরাধরি করে নিকটস্থ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে এ ঘটনার সঙ্গে জড়িত বাকি দুই ক্রেতাকেও আটক করেছে পুলিশ।
মঙ্গলবার ওই তিন জনকে আদালতে হাজির করা হলে ৩০ জানুয়ারি পর্যন্ত তাদেরকে পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন বিচারক।
