সাগর দেব, তেলিয়ামুড়া, ২৬ জুলাই || প্রশাসনের নির্দেশে ত্রিপুরা কর্মচারী সমন্বয় সমিতি (এইচ বি রোড) তেলিয়ামুড়া বিভাগীয় কমিটির কার্যালয় বুলড্রজার দিয়ে ভেঙ্গে গুঁড়িয়ে দিল মঙ্গলবার দুপুর নাগাদ তেলিয়ামুড়ার দু’দুজন ডি.সি.এম এবং পুলিশ প্রশাসনের উপস্থিতিতে। মূলত সরকারী খাস জায়গা বিগত প্রায় ৩০ বছর পর দখলমুক্ত করলো প্রশাসন। এর অবস্থানটি ছিল সিপিআই(এম) তেলিয়ামুড়া বিভাগীয় কমিটি কার্যালয়ের ঠিক পাশেই।
এ প্রসঙ্গে তেলিয়ামুড়া মহকুমা প্রশাসনের দুই ডি.সি.এম বাপ্পাদিত্য রায় ভৌমিক এবং অমর পাল জানান, সরকারি খাস জায়গায় বাম সমর্থিত কর্মচারী সংগঠনের অফিসটি গজিয়ে উঠেছিল দীর্ঘ বছর পূর্বে। প্রশাসনিক চেষ্টায় সেই জায়গা মঙ্গলবার দখল মুক্ত হলো।
এই ভাঙ্গন প্রক্রিয়া নিয়ে ঘটনাস্থলে উৎসুক জনতা ভিড় জমান। অপরদিকে ভাঙ্গন প্রক্রিয়া চলাকালে যাতে কোন বিশৃঙ্খলার পরিবেশ সৃষ্টি না হয় তার জন্য পুলিশ প্রশাসন থেকে পর্যাপ্ত ত্রিপুরা স্টেট রাইফেলস্ বাহিনীর জওয়ান মোতায়ন ছিল।
অন্যদিকে সিপিআই(এম) রাজ্য কমিটির সম্পাদক জিতেন্দ্র চৌধুরী সাংগঠনিক কাজে তেলিয়ামুড়াস্থিত সিপিআই(এম) পার্টি অফিসে এসেছিলেন মঙ্গলবার। পরে ভাঙ্গন প্রক্রিয়ার প্রসঙ্গ টেনে সিপিআই(এম) রাজ্য কমিটির সম্পাদক জিতেন্দ্র চৌধুরী জানান, প্রশাসন ইচ্ছে করলে কর্মচারী সংগঠনের অফিসটি না ভাঙ্গলেই পারতো। কারণ, জায়গাটি সরকারি খাস জমি হলেও এমন বহু সরকারি খাস জায়গা শাসক দলেরও কার্যালয় রয়েছে। সরকারি খাস জায়গাতে শাসক দলের অফিস গুলিকেও কেন ভেঙ্গে গুড়িয়ে দিচ্ছে না প্রশাসন? প্রশাসনের দখল মুক্তধারী সবার ক্ষেত্রেই সমভাবে দেখা উচিত। বিগত দিনে সিপিআই(এম) দল এবং তাদের সমর্থিত কর্মচারী সংগঠনগুলো সরকারি খাস জমি দখল করে নিজেদের সংগঠনের কার্যালয় তৈরী করে রেখেছিল অবৈধভাবে। মঙ্গলবার এরই বাস্তব চিত্র পাওয়া গেল তেলিয়ামুড়াতে। তবে সে যাই হোক না কেন প্রশাসন সরকারি খাস জায়গা দখলমুক্ত করলো মঙ্গলবার।
