আপডেট প্রতিনিধি, আগরতলা, ৩০ এপ্রিল || আগরতলা শহরে গুলিকান্ডের চাঞ্চল্য ছড়িয়ে পরে। দুষ্কৃতিদের গুলিতে মৃত্যু হয়েছে রাজধানীর বনেদি ক্লাব উষা বাজারস্থিত ভারতরত্ন সংঘের বর্তমান সাধারণ সম্পাদক দুর্গা প্রসন্ন দেব ওরফে ভিকির।
জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় কে বা কারা ভারতরত্ন সংঘের বর্তমান সাধারণ সম্পাদক দুর্গা প্রসন্ন দেবকে বামুটিয়া বিধানসভার অন্তর্গত শালবাগান এলাকায় গুলি করে পালিয়ে যায়। জানা যায়, তার মাথায় গুলি লেগেছে। ঘটনার পর তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পরে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।
এদিকে দুর্গা প্রসন্ন দেবের পরিবারের অভিযোগ, ভারতরত্ন সংঘের অন্যান্য সদস্যরা এই ঘটনার সঙ্গে জড়িত রয়েছে। মৃতের স্ত্রী জানান, রাজু বর্মন, রাজেশ বর্মন, দেবব্রত বর্মন, সন্তোষ এবং বিমান দাস – এই ৫ জন এই হত্যাকাণ্ডে জড়িত রয়েছে। তিনি বলেন, বিভিন্ন বিষয় নিয়েই দীর্ঘদিন ধরে ভিকিকে হুমকি-ধমকি দেওয়া হচ্ছিল। রাজু বর্মন এবং বিমান দাসের বিরুদ্ধে সরাসরি অভিযোগ করেছেন মৃত ভিকির স্ত্রী। অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছেন মৃতের পরিবার।
ঘটনায় গোটা এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে নামানো হয়েছে বিশাল পুলিশ বাহিনী। থমথমে গোটা এলাকা।
