সুব্রত দাস, গন্ডাছড়া, ২৭ জুলাই || গন্ডাছড়া শরণার্থী শিবিরে রোগের প্রাদুর্ভাব। নেই প্রয়োজনীয় ঔষধপত্র। নেই চিকিৎসক। রোগে দিশাহীন রোগীদের স্বাস্থ্য পরিষেবা দিতে বসিয়ে রাখা হয়েছে একজন এমপিডব্লিও’কে। প্রেসার মাপার জন্য একটি ভাঙা বিকল মেশিন হাতে নিয়ে শিবিরের রোগীদের চিকিৎসা চালিয়ে যেতে হচ্ছে ওই এমপিডব্লিও’কে। শিবিরের খাবার দাবার নিয়েও প্রশ্ন তুলেছেন শরণার্থীরা। ফলে বিভিন্ন সমস্যায় জর্জরিত শরণার্থী শিবির ছেড়ে পালাতে শুরু করেছে শরণার্থীরা। বেখবর মহকুমা প্রশাসন
প্রসঙ্গত, ১২ই জুলাই রাতে প্রতিহিংসার শিকার হয়ে গন্ডাছড়া মহকুমার অন্তর্গত হরিপুর, ত্রিশকার্ড, বিশকার্ড এলাকার প্রায় চারশো জন মহিলা পুরুষ সন্তানদের নিয়ে গন্ডাছড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের সাংস্কৃতিক ভবনে অস্থায়ী শিবিরে আশ্রয় নেয়। ১৩ই জুলাই থেকে ঐ অস্থায়ী শরণার্থী শিবিরের সব কিছুই চলছিল ঠিকঠাক। প্রায় প্রতিদিন মহকুমা প্রশানের কর্মকর্তারা শিবিরের হালহকিকৎ খতিয়ে দেখতেন। আসতেন চিকিৎসকরাও। গত দশদিন যাবৎ শিবিরে আশ্রিত শরণার্থীদের কেউ কোন ন্যূনতম খোঁজখবর নেওয়ার প্রয়োজন মনে করছে না। শিবিরে আসছে না কোন চিকিৎসক। নেই পর্যপ্ত ঔষধপত্র। প্রেসার মাপার মেশিনটিও বিকল। শিবিরবাসিরা জানান, শিবিরে বেশ কয়েকজন অসুস্থ। বেশ কয়েক জন শিশুও অসুস্থবোধ করছে। শিবিরে কোন চিকিৎসক আসায় রোগীদের নিয়ে পায়ে হেঁটেই ছুটছেন অভিভাবকরা বা রোগীরা। স্বাস্থ্য পরিষেবা দিচ্ছে একজন এমপিডোব্লিও। ফলে অনেকেই শিবির ছেড়ে পালাতে শুরু করেছে কিন্তু বেখবর মহকুমা প্রশাসন। অবিলম্বে ধলাই ডিএম এর হস্তক্ষেপ দাবী করেছেন শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ।
