সুব্রত দাস, গন্ডাছড়া, ৩০ জুলাই || বিভিন্ন বাধা বিপত্তি, প্রতিকূলতা কাটিয়ে বারবার প্রশাসন কর্তৃক বাধাকে উপেক্ষা করে মঙ্গলবার গন্ডাছড়া মহকুমার বিধ্বস্ত এলাকা পরিদর্শনে এলেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মণের নেতৃত্বে একদল কংগ্রেস নেতৃত্ব। মঙ্গলবার দুপুর নাগাদ গন্ডাছড়ায় পৌঁছেই বিধায়ক সুদীপ রায় বর্মণ এবং রাজ্য কংগ্রেসের সভাপতি আশীষ কুমার সাহার নেতৃত্বে কংগ্রেস দলটি গত ১২ই জুলাই রাতে প্রতিহিংসার আগুনে পুড়ে ছারখার হওয়া বিভিন্ন এলাকা তথা হরিপুর, বিশকার্ড, ত্রিশকার্ড, সাতকার্ড, দুর্গাপুর, নারায়ণপুর এবং পিছলিঘাট বাজারের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন। প্রতিটি ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে আপন মনে কথা বলেন এবং সান্তনা দেন। উক্ত ক্ষতিগ্রস্ত এলাকাগুলি পরিদর্শন শেষে কংগ্রেস প্রতিনিধি দলটি চলে যান প্রয়াত যুবক পরমেশ্বর রিয়াং-এর বাড়িতে। সেখানে পরিবার পরিজনদের সমবেদনা জানিয়ে গভীর শোক জ্ঞাপন করেন কংগ্রেস নেতৃত্বরা। জাতি জনজাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে মিলে সমাজ দ্রুহিদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই গড়ে তুলে সুন্দর সমাজ গড়ে তুলার কাজে আত্মনিয়োগ করার জন্য সকলের প্রতি আহ্বান জানান কংগ্রেস নেতৃত্ব।
