গোপাল সিং, খোয়াই, ৩০ মে || এই ছবিটি দেখে অনেকেই ভাবতে পারেন এটি কোনো গ্রাম্য ধানক্ষেত বা হাল চাষ করা জমি। কিন্তু বাস্তবে এটি খোয়াই পুর পরিষদের অন্তর্গত দুর্গানগর ৩নং ওয়ার্ড এলাকার একটি রাস্তাঘাটের করুণ চিত্র। দীর্ঘ বছর ধরে এলাকাবাসী এই কর্দমাক্ত, এবং চলাচলের অনুপযুক্ত রাস্তার দুর্ভোগ বইছেন।
বর্ষা নামলেই এই রাস্তা চলাচলের একেবারে অযোগ্য হয়ে পড়ে। শিশুসহ স্কুলপড়ুয়া ছাত্রছাত্রী, বয়স্ক নাগরিক, অফিসগামী কর্মচারী, এমনকি এলআইসি-তে কর্মরত কর্মীও প্রতিদিন এই কর্দমাক্ত রাস্তার মধ্যে দিয়ে চলাচলে বাধ্য হচ্ছেন। টমটম, বাইক, সাইকেল – কোনো যানবাহনই এই রাস্তায় স্বাভাবিকভাবে চলতে পারে না।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বহুবার প্রশাসনের বিভিন্ন স্তরে বিষয়টি জানানো হয়েছে। আশ্বাসও মিলেছে বিভিন্ন রাজনৈতিক নেতার কাছ থেকে। এমনকি এই ওয়ার্ড থেকেই খোয়াই পুর পরিষদের চেয়ারপার্সনের বাসভবনও রয়েছে খুব কাছেই। তবুও রহস্যজনক কারণে বছরের পর বছর এই রাস্তার সংস্কার হয়নি।
স্থানীয়দের দাবি, অবিলম্বে এই রাস্তাটি সংস্কারের ব্যবস্থা করা হোক। বর্ষার মুহুর্তে যদি কোনো স্থায়ী পদক্ষেপ নেওয়া না হয়, তবে চলাচল একেবারেই বন্ধ হয়ে পড়বে – যা জনজীবনকে আরও বিপর্যস্ত করে তুলবে। শুধু এই রাস্তাই নয়, খোয়াই পুর এলাকায় এমন বহু রাস্তা এখনও সংস্কারের অভাবে ধুঁকছে। পুর এলাকার বাইরে এই চিত্র আরও করুণ!
