গোপাল সিং, খোয়াই, ২১ জুন || খোয়াই শহরে নেশার রমরমার পাশাপাশি এবার দেহ ব্যবসার অভিযোগও মাথাচাড়া দিয়ে উঠেছে। শনিবার দিনে-দুপুরে খোয়াই থানাধীন বনকর এলাকায় একটি বাড়িতে গোপন সূত্রে খবর পেয়ে হানা দেয় খোয়াই থানার পুলিশ। এই ঘটনায় এক যুবতীকে আটক করা হলেও, দুই যুবক পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়।
পুলিশ সূত্রে খবর, বেশ কিছুদিন ধরেই বনকর এলাকার ঐ বাড়িতে অনৈতিক কার্যকলাপ চলার অভিযোগ আসছিল। শনিবার দুপুরে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়েই দুই যুবক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়, কিন্তু ঘরে থাকা যুবতীকে আটক করতে সক্ষম হয় পুলিশ।
এই ঘটনায় শহর জুড়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। শহরের বুকে দিনে-দুপুরে এই ধরনের অনৈতিক কার্যকলাপ চলায় সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে।
আটক যুবতীকে খোয়াই থানায় নিয়ে আসা হয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিশ জানিয়েছে, এই মধুচক্রের সঙ্গে আর কারা জড়িত এবং পলাতক যুবকদের পরিচয় জানতে তদন্ত শুরু হয়েছে। পলাতকদের ধরতে তল্লাশি অভিযান চালানো হচ্ছে বলেও পুলিশ সূত্রে খবর।
