ইসকনের উদ্যোগে রথযাত্রার জাঁকজমকপূর্ণ আয়োজন আগরতলায়, পূর্বাশা প্রাঙ্গণ থেকে ২৭ জুন রথযাত্রা সূচনা

আপডেট প্রতিনিধি, আগরতলা, ২০ জুন || এবছরও আগরতলাবাসীর জন্য এক বিশেষ ধর্মীয় আনন্দ বয়ে আনছে ইসকন মন্দির। ২৭শে জুন, বৃহস্পতিবার, বিকাল ৩টায় রাজধানীর পূর্বাশা প্রাঙ্গণ থেকে জগন্নাথদেব, বলদেব ও সুভদ্রার সুসজ্জিত তিনটি রথ নিয়ে যাত্রা শুরু হবে জাঁকজমকপূর্ণ রথযাত্রা।
ইতিমধ্যেই রথ তৈরির প্রস্তুতি চলছে জোর কদমে। সরকারি নির্দেশিকা মেনে কাঠ ও নিরাপত্তা মান বজায় রেখে তৈরি করা হচ্ছে তিনটি রথ। ইসকনের পক্ষ থেকে জানানো হয়েছে, রথযাত্রা শুরুর আগে পূর্বাশা প্রাঙ্গণে সংক্ষিপ্ত এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হবে, যেখানে উপস্থিত থাকতে পারেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।
রথযাত্রা পূর্বাশা প্রাঙ্গণ থেকে বেরিয়ে নগর পরিক্রমা করবে, এরপর পুনরায় পূর্বাশা প্রাঙ্গণে ‘মাসির বাড়ি’তে ফিরে আসবে। সেখানে টানা সাত দিন ধরে চলবে নানা ধর্মীয় আচার-অনুষ্ঠান, যেমন কীর্তন, ভাগবত পাঠ ও ভক্তদের জন্য প্রসাদ বিতরণ।
উল্লেখ্য, এই সাত দিনের অনুষ্ঠান শেষে উল্টো রথের মাধ্যমে দেবতারা ইসকন মন্দিরে ফিরে যাবেন। রথযাত্রাকে কেন্দ্র করে শহরের বিভিন্ন অংশে ধর্মীয় আবহ ছড়িয়ে পড়বে বলেই আশাবাদী ইসকনের সদস্যরা।
এই পবিত্র উৎসবকে সফল করতে ইসকনের তরফে সকল ভক্ত ও সাধারণ মানুষকে অংশগ্রহণের আমন্ত্রণ জানানো হয়েছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*