গোপাল সিং, খোয়াই, ২১ জুন || খোয়াই বাগান পঞ্চায়েত এলাকায় এক সত্তরোর্ধ্ব মহিলার অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। পরিবার এটিকে আত্মহত্যা বলে দাবি করলেও, পুলিশকে খবর না দিয়েই তড়িঘড়ি দেহ সৎকার করতে নিয়ে যাওয়ার সময় স্থানীয় কর্মরত সাংবাদিকদের বাধায় সেই প্রচেষ্টা ভেস্তে যায়। এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে এবং খুনের সন্দেহ দানা বাঁধছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার বাগান পঞ্চায়েত এলাকায় প্রিয়মণি নামে সত্তরোর্ধ্ব বৃদ্ধার মৃত্যুর পর থেকেই তাঁর পরিবার ও প্রতিবেশীরা ঘটনাটিকে আত্মহত্যা বলে প্রচার করতে থাকে। কিন্তু অস্বাভাবিক মৃত্যু হওয়া সত্ত্বেও নিয়ম অনুযায়ী পুলিশকে খবর না দিয়েই গোপনে দেহ দাহ করার জন্য শ্মশানে নিয়ে যাওয়া হচ্ছিল।
বিষয়টি স্থানীয় সাংবাদিকদের নজরে আসতেই তাঁরা সন্দেহ প্রকাশ করেন। সাংবাদিকরা শ্মশানে যাওয়ার পথে মৃতদেহ আটকান এবং কেন পুলিশকে জানানো হয়নি, সেই প্রশ্ন তোলেন। অবশেষে সাংবাদিকরাই খোয়াই থানায় খবর দেন। কেন পুলিশকে না জানিয়ে দেহ সৎকার করার চেষ্টা হচ্ছিল এবং মৃত্যুর পিছনে অন্য কোনও রহস্য লুকিয়ে আছে কিনা, তা খতিয়ে দেখবে পুলিশ। এই ঘটনাকে ঘিরে গোটা এলাকায় গুঞ্জন শুরু হয়েছে।
