ফের হাতির তাণ্ডব: ভোররাতে ঘরবাড়ি ভাঙচুর, আতঙ্কিত গ্রামবাসী! প্রশাসনের ভূমিকায় প্রশ্নচিহ্ন

সাগর দেব, তেলিয়ামুড়া, ২২ জুন || তেলিয়ামুড়া মহকুমার অন্তর্গত কৃষ্ণপুর, মুঙ্গিয়াকামি সহ বিভিন্ন অঞ্চলে হাতির হানা নতুন কিছু নয়। বারবার হাতির আক্রমণে প্রাণহানি, ঘরবাড়ি ধ্বংস, ও কৃষিজমির ব্যাপক ক্ষতি হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস শোনা গেলেও বাস্তবে পরিস্থিতি বদলায়নি—এমন অভিযোগ সাধারণ মানুষের।
আজ ভোররাতে, আনুমানিক তিনটা নাগাদ উত্তর কৃষ্ণপুর এলাকায় ফের একবার বন্য হাতির দল তাণ্ডব চালায়। হাতির আক্রমণে এলাকার একাধিক বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়। হঠাৎ হাতির হামলায় গ্রামবাসীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে, বহু মানুষ প্রাণ বাঁচাতে ছুটোছুটি শুরু করে। খবর পেয়ে বন দপ্তরের ভলান্টিয়াররা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি আংশিকভাবে নিয়ন্ত্রণে আনে।
ক্ষতিগ্রস্ত বাসিন্দারা অভিযোগ করেছেন, “প্রতিবার ক্ষতিপূরণের প্রতিশ্রুতি শোনানো হয়, অথচ সঠিক ক্ষতিপূরণ মেলে না। আমাদের দাবি ক্ষতিপূরণ নয়, হাতির দল যেন লোকালয় থেকে দূরে থাকে তার স্থায়ী ব্যবস্থা করুক সরকার।”
প্রতিনিয়ত ঘটে চলা এই ধরণের ঘটনার পর প্রশাসন কার্যকর ব্যবস্থা নেবে কিনা, সেই দিকেই এখন তাকিয়ে সাধারণ মানুষ। হাতি সমস্যার স্থায়ী সমাধান চেয়ে গ্রামবাসীদের ক্ষোভ ক্রমেই তীব্র হয়ে উঠছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*