আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৩ জুন || বহু প্রতীক্ষিত উদয়পুর রেল স্টেশন থেকে মাতা ত্রিপুরাসুন্দরী মন্দির পর্যন্ত সড়কটি অবশেষে ডাবল লেনে রূপান্তরের দিকে অগ্রসর হচ্ছে। দীর্ঘদিন ধরে সিঙ্গেল লেন থাকা এই সড়ক দিয়ে প্রতি বছর দীপাবলি মেলা এবং অন্যান্য পূণ্য উপলক্ষে লাখো দর্শনার্থী মায়ের মন্দিরে যাতায়াত করেন। ফলে, সংকীর্ণ রাস্তার কারণে যানজট এবং সাধারণ মানুষের ভোগান্তি নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছিল।
বিধায়ক অভিষেক দেবরায় জানান, বিগত বামফ্রন্ট সরকারের আমলে সড়কটির সম্প্রসারণে কার্যত কোনো উদ্যোগ নেওয়া হয়নি। বিষয়টি তিনি ত্রিপুরা বিধানসভায় উত্থাপন করলে রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা প্রায় ২ কোটি ৭০ লক্ষ টাকা আর.আই.ডি.এফ. ফান্ড থেকে বরাদ্দ করে ডাবল লেন সড়ক তৈরির অনুমোদন দেন।
সোমবার PWD-র SDO, প্রকৌশলী ও স্থানীয় জনপ্রতিনিধিদের নিয়ে বিধায়ক অভিষেক দেবরায় পরিদর্শন করেন সড়কটি। তিনি আশ্বাস দেন, আগামী কয়েক মাসের মধ্যেই ডাবল লেন সড়কের কাজ সম্পূর্ণ হবে এবং পথচলতি নাগরিকদের আর কোনো ভোগান্তি হবে না।
এই উদ্যোগের জন্য বিধায়ক অভিষেক দেবরায় রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা এবং অর্থমন্ত্রী প্রণজিত সিংহ রায়কে আন্তরিক ধন্যবাদ জানান।
