আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৯ জুন || রবিবার সকালে এক নজিরবিহীন ঘটনার সাক্ষী রইল আগরতলা। রেল স্টেশন থেকে বিলোনিয়ার এক পরিবার একটি অটোরিকশায় করে বটতলা পর্যন্ত আসেন। কিন্তু নামার পরই তারা বুঝতে পারেন যে তাদের একটি গুরুত্বপূর্ণ ব্যাগ অটোতেই রয়ে গেছে, যাতে প্রায় ৫০ হাজার টাকা নগদ অর্থ ছিল।
উদ্বিগ্ন পরিবার দ্রুত বটতলা ট্রাফিক পয়েন্টে যোগাযোগ করেন। সঙ্গে সঙ্গে ট্রাফিক ইউনিটের সদস্যরা আইটি ভবনে প্রযুক্তির সাহায্যে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে অটোটির গাড়ির নম্বর, রং এবং কোন রুট দিয়ে গাড়িটি চলেছিল তা শনাক্ত করেন। দ্রুত পদক্ষেপ নিয়ে সংশ্লিষ্ট অটোচালককে ডিটেন করা হয়।
পরিস্থিতির গুরুত্ব বুঝে ঐ অটোচালক স্বেচ্ছায় ট্রাফিক ভবনে হাজির হন এবং ব্যাগটি যাথাযথভাবে সংশ্লিষ্ট পরিবারের হাতে তুলে দেন। উপস্থিত ছিলেন ট্রাফিক ডিএসপি দীপক দাস, যিনি নিজ হাতে ৫০ হাজার টাকা সম্বলিত ব্যাগটি ওই পরিবারের হাতে ফিরিয়ে দেন।
এই সততার ঘটনায় প্রশংসার জোয়ারে ভাসছেন ওই অটোচালক। মানবিকতা ও নৈতিকতা যে এখনও বেঁচে আছে, তা আবারও প্রমাণ করলেন তিনি। পুলিশের দ্রুত পদক্ষেপ এবং অটোচালকের সততা—উভয়ই এই ঘটনার মধ্যে দিয়ে প্রশংসার যোগ্য দৃষ্টান্ত হয়ে থাকল।
