ডঃ অরিজিৎ দাসের রসায়নে নতুন আবিষ্কার পৌঁছাল অক্সফোর্ড ও হার্ভার্ডে

আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৯ জুন || ত্রিপুরার গর্ব, বিড় বিক্রম মেমোরিয়াল কলেজের রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডঃ অরিজিৎ দাস এক অনন্য কৃতিত্ব অর্জন করলেন। রসায়নের ২১টি নতুন শিক্ষণ পদ্ধতি এবং ৪০টি নতুন সূত্র নিয়ে রচিত তাঁর গবেষণাপত্র ও গ্রন্থ “Innovative Mnemonics in Chemical Education – A Handbook for Classroom Lectures” এখন জায়গা করে নিয়েছে বিশ্বের দুই শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয় — যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও আমেরিকার হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারে।
ডঃ দাসের এই গবেষণা মূলত শিক্ষার্থীদের জন্য রসায়নের জটিল বিষয়গুলোকে সহজভাবে উপস্থাপন এবং দ্রুত শেখার সুবিধা দিতে তৈরি করা হয়েছে। তাঁর রচনাগুলি প্রথম যুক্তরাষ্ট্রের শিক্ষা বিভাগের অনলাইন গ্রন্থাগার ERIC (Education Resources Information Center)-এ ২০১৩ সালে তালিকাভুক্ত হয়। পরে ২০১৯ সালের সেপ্টেম্বরে এটি ক্যামব্রিজ স্কলার্স পাবলিশিং থেকে প্রকাশিত হয় এবং যুক্তরাজ্যের Stephenson Library-তে যুক্ত হয়।
এরপর থেকেই তাঁর কাজ আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পেতে শুরু করে। অক্সফোর্ড ও হার্ভার্ডের মতো নামকরা প্রতিষ্ঠানের গ্রন্থাগারে তাঁর কাজ অন্তর্ভুক্ত হওয়া নিঃসন্দেহে এক ঐতিহাসিক মাইলফলক, যা বৈশ্বিক স্তরে ত্রিপুরার শিক্ষা ও গবেষণাকে এক নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছে।
ডঃ দাসের এই উদ্ভাবনী পদ্ধতিগুলি বর্তমানে বিশ্বব্যাপী বিভিন্ন স্তরের রসায়ন শিক্ষার্থীদের কাছে সহজে প্রবেশযোগ্য। তাঁর মতে, এই নতুন সূত্র ও পদ্ধতিগুলি পরীক্ষার সময় শিক্ষার্থীদের ৩০ থেকে ৪০ মিনিট সাশ্রয় করতে সাহায্য করে।
উল্লেখ্য, এর আগেও স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় এবং ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া, ডেভিস-সহ একাধিক শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান তাঁর কাজের প্রশংসা করেছে।
ডঃ দাসের এই অনন্য সাফল্যের জন্য দেশ-বিদেশের বহু শিক্ষাবিদ ও গবেষক তাঁকে অভিনন্দন জানিয়েছেন। তাঁর এই কীর্তি ত্রিপুরাকে এক গর্বিত অবস্থানে পৌঁছে দিয়েছে বিশ্ব একাডেমিক মানচিত্রে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*