সুব্রত দাস, গন্ডাছড়া, ০৩ জুলাই || আসন্ন ৯ই জুলাই (বুধবার) গোটা দেশের সঙ্গে গন্ডাছড়া মহকুমার অন্তর্গত ডুম্বুরনগর ও রইস্যাবাড়ি ব্লক এলাকাতেও আয়োজিত হতে চলেছে মক ড্রিল বা প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলার উপর বিশেষ কর্মশালা। এই কর্মসূচিকে সফল করে তুলতে মহকুমা শাসক চন্দ্রজয় রিয়াং-এর আহ্বানে বুধবার মহকুমা কনফারেন্স হলে এক প্রস্তুতি সভার আয়োজন করা হয়।
প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন দুই ব্লকের বিডিও, মহকুমা পুলিশ আধিকারিক (এসডিপিও), ফায়ার সার্ভিস, ডিসিএম শিক্ষা, এনএসএস, এবং মহকুমার অন্তর্গত বিভিন্ন লাইন ডিপার্টমেন্ট-এর কর্মকর্তারা ও কর্মীরা। সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়, ৯ই জুলাই সকাল ৭টা ৪৫ মিনিটে রইস্যাবাড়ি ব্লকে এবং সকাল ৮টা ৪৫ মিনিটে ডুম্বুরনগর ব্লকে মক ড্রিল অনুষ্ঠিত হবে।
এবারের কর্মশালায় বন্যাজনিত দুর্যোগ মোকাবিলাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। কর্মশালায় বন্যা কবলিত এলাকায় আটকে পড়া সাধারণ মানুষ ও পশুপাখিদের উদ্ধার এবং নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়ার কৌশলগুলি চর্চা করা হবে।
মহকুমা শাসক চন্দ্রজয় রিয়াং সভায় স্পষ্টভাবে জানিয়েছেন, কর্মশালার দিন সকল সরকারি বিভাগীয় কর্মী ও কর্মকর্তাদের উপস্থিত থাকা বাধ্যতামূলক। গঠনমূলক প্রস্তুতির মাধ্যমে এই মহড়া বাস্তব দুর্যোগ পরিস্থিতিতে দ্রুত ও সঠিক পদক্ষেপ গ্রহণে সহায়ক হবে বলেই প্রশাসনের আশা।
