চায়ের দোকানের দেনা মেটানো হয়নি, গরম জল ঢেলে দিল চা বিক্রেতা, হাসপাতালে ক্রেতা

সাগর দেব, তেলিয়ামুড়া, ০৩ জুলাই || তেলিয়ামুড়ায় চায়ের দোকানে দেনা-পাওনাকে কেন্দ্র করে ঘটল চাঞ্চল্যকর ও মর্মান্তিক এক ঘটনা। চা বিক্রেতার গরম জল ছুড়ে মারার ফলে গুরুতর আহত হলেন এক ক্রেতা। বর্তমানে আহত ব্যক্তি তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন।
স্থানীয় সূত্রে জানা গেছে, করইলং পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় চায়ের দোকান চালান জীবন দাস নামের এক ব্যক্তি। অভিযোগ, দোকানের নিয়মিত এক ক্রেতা বাপন দাসের প্রায় তিন থেকে চার হাজার টাকা দেনা ছিল। বুধবার বাপন দাস ওই দোকানে না গিয়ে পাশের অন্য এক দোকানে চা খেতে গেলে জীবন দাস তীব্র ক্ষুব্ধ হয়ে ওঠেন।
প্রত্যক্ষদর্শীদের বর্ণনায়, জীবন দাস ওই সময় বাপন দাসকে ডেকে টাকা পরিশোধের দাবি জানালে, বাপন জানান কিছুদিনের মধ্যেই দেনা মিটিয়ে দেবেন। কিন্তু এই উত্তরের পরই জীবন দাস আচমকা পেছন দিক থেকে গরম জল ছুড়ে মারেন বাপন দাসের ওপর। তৎক্ষণাৎ ছটফট করতে থাকেন বাপন। আশেপাশে থাকা লোকজন দ্রুত তাঁর সাহায্যে এগিয়ে এসে তাঁকে হাসপাতালে নিয়ে যান।
ঘটনার পর আহত অবস্থায় হাসপাতালের শয্যায় শুয়ে বাপন দাস সংবাদমাধ্যমকে জানান, তাঁর ওপর ইচ্ছাকৃতভাবে গরম জল ঢেলে দেওয়া হয়েছে এবং তিনি এ বিষয়ে থানায় অভিযোগ দায়ের করবেন।
এই ঘটনায় তেলিয়ামুড়া শহরজুড়ে নিন্দার ঝড় উঠেছে। শুধুমাত্র দেনা-পাওনার মতো বিষয়কে কেন্দ্র করে এমন সহিংস প্রতিক্রিয়াকে অনেকেই অনভিপ্রেত এবং নিন্দনীয় বলে মন্তব্য করেছেন।
পুলিশ সূত্রে জানানো হয়েছে, অভিযোগ পাওয়ার পর তদন্ত শুরু করা হবে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*