গোপাল সিং, খোয়াই, ০৬ জুলাই || সংস্কৃতির শহর খোয়াইয়ে চাঞ্চল্যকর ঘটনা। নিজের ছোটবেলার বান্ধবীর সঙ্গেই হোটেলের ঘরে অন্তরঙ্গ অবস্থায় স্বামীকে হাতেনাতে ধরে ফেললেন স্ত্রী। হোয়াটসঅ্যাপে পাওয়া তথ্যের সূত্র ধরে একপ্রকার ‘স্টিং অপারেশন’ চালিয়ে স্ত্রী এই পরকীয়ার পর্দাফাঁস করেন। ঘটনাটি ঘটেছে খোয়াই হাসপাতাল সংলগ্ন ত্রিপুরেশ্বরী গেস্ট হাউসে।
জানা গেছে, খোয়াইয়ের বাসিন্দা মেঘন দেবনাথের স্ত্রী বেশ কিছুদিন ধরেই স্বামীর আচরণে পরিবর্তন লক্ষ্য করছিলেন। সম্প্রতি স্বামীর হোয়াটসঅ্যাপ চ্যাটে সন্দেহজনক কিছু তথ্য পেয়ে তাঁর মনে পরকীয়ার আশঙ্কা দানা বাঁধে। এরপরই তিনি গোপনে স্বামীর ওপর নজর রাখতে শুরু করেন।
পরিকল্পনামাফিক, স্ত্রী এদিন মেঘন দেবনাথের পিছু নেন এবং নিশ্চিত হন যে তিনি শহরের ত্রিপুরেশ্বরী গেস্ট হাউসে এক যুবতীর সঙ্গে প্রবেশ করেছেন। এরপর তিনি হোটেলের সেই নির্দিষ্ট ঘরে হানা দেন এবং দুজনকে আপত্তিকর অবস্থায় ধরে ফেলেন। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, ওই যুবতী আর কেউ নন, স্বয়ং মেঘনের স্ত্রীরই ছোটবেলার বান্ধবী। এই ঘটনায় হতবাক হয়ে যান অভিযুক্ত মেঘন ও তাঁর সঙ্গিনী।
এই ঘটনা খোয়াই শহরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। উল্লেখ্য, বিগত কয়েক মাসে খোয়াই শহরে পরকীয়া সংক্রান্ত একাধিক ঘটনা সামনে এসেছে, যা নিয়ে উদ্বিগ্ন শহরবাসী। অনেকেই এর জন্য সোশ্যাল মিডিয়ার অবাধ ব্যবহার এবং আধুনিক জীবনযাত্রার নেতিবাচক দিককে দায়ী করছেন। এই ধরনের ঘটনায় পারিবারিক বন্ধন শিথিল হচ্ছে এবং বহু সংসার ভেঙে যাচ্ছে, যা সামাজিক অবক্ষয়ের ইঙ্গিতবাহী বলে মনে করছেন সচেতন নাগরিকরা।
