বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ০৬ সেপ্টেম্বর || শান্তিরবাজার রেলস্টেশনে দুই নাইজেরিয়ান নাগরিককে সন্দেহবশত আটক করল স্থানীয় জনতা। জানা গেছে, সেদিন রাতে বিলোনিয়া যাওয়ার জন্য বিলোনিয়া থেকে এক অটোচালক স্টেশনে উপস্থিত হলে সন্দেহের উদ্রেক হয় স্থানীয় অটোচালক ও বাসিন্দাদের মনে। এরপর তারা ওই দুই বিদেশিকে আটকে রাখে।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান শান্তিরবাজার থানার ওসি রাজু দত্ত ও এসআই সমীর বিশ্বাস। পুলিশ গিয়ে স্থানীয়দের হাত থেকে দুই নাইজেরিয়ানকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। থানায় প্রাথমিক তদন্তে তাদের কাছে বৈধ পাসপোর্ট ও ভিসা পাওয়া গেলেও, তারা এখানে কোন উদ্দেশ্যে এসেছে এবং কোথায় যাওয়ার পরিকল্পনা করছে তা খতিয়ে দেখা হচ্ছে।
এ বিষয়ে মহকুমার পুলিশ আধিকারিক বাপ্পি দের্বমা সংবাদমাধ্যমকে জানান, আটক হওয়া বিলোনিয়ার অটোচালককেও জিজ্ঞাসাবাদ চলছে। পুলিশের দাবি, বিদেশিদের কাগজপত্র বৈধ হলেও তাদের কার্যকলাপ ও উপস্থিতি সন্দেহজনক হওয়ায় তদন্ত প্রক্রিয়া অব্যাহত রাখা হয়েছে।
স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন, শান্তিরবাজার রেলস্টেশনে নিয়মিত জিআরপি পুলিশ না থাকার সুযোগ নিয়ে নানা ধরনের অবৈধ কাজকর্ম চালানো হচ্ছে। তাদের দাবি, স্টেশনে যদি পর্যাপ্ত পুলিশি নজরদারি থাকত তবে এ ধরনের ঘটনা এড়ানো যেত।
এখন প্রশ্ন উঠছে, রেলস্টেশনকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসন কতটা কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে।
