ডুম্বুরনগরে টায়ার পুড়িয়ে রেগা শ্রমিকদের বিক্ষোভ

সুব্রত দাস, গন্ডাছড়া, ০৮ সেপ্টেম্বর || ধলাই জেলার গন্ডাছড়া মহকুমার ডুম্বুরনগর ব্লক চত্বর সোমবার দিনভর উত্তপ্ত হয়ে ওঠে রেগা শ্রমিকদের বিক্ষোভ ঘিরে। নিয়মিত কাজ না মেলায় ক্ষুব্ধ শ্রমিকরা সকাল থেকেই ব্লকের সামনে জড়ো হয়ে স্লোগান দিতে থাকেন। পরবর্তীতে ব্লকের মূল ফটক আটকে টায়ার জ্বালিয়ে তারা বিক্ষোভ প্রদর্শন করেন।
অভিযোগ, ডুম্বুরনগর ও রইস্যাবাড়ী ব্লকের অধীন অধিকাংশ এডিসি ভিলেজে চলতি অর্থবছর ২০২৫-২৬-এ মাত্র ছয় শ্রমদিবসের কাজ দেওয়া হয়েছে। ১০০ দিনের কাজের গ্যারান্টি থাকা সত্ত্বেও নিয়মিত কাজ না পেয়ে হতাশ হয়ে পড়েছেন রেগা শ্রমিকরা। বিশেষত ডুম্বুরনগর ব্লকের লক্ষ্মীপুর এডিসি ভিলেজের শ্রমিকরা দাবি করেছেন, গত ছয় মাসে মাত্র ছয়দিনের কাজ পেয়েছেন তারা। উপরন্তু, কাজের দাবি জানাতে গেলে স্থানীয় ভিলেজ সচিব এবং জিআরএস কর্মীদের বাজে ব্যবহার সহ্য করতে হচ্ছে বলেও অভিযোগ তুলেছেন শ্রমিকরা।
রাত পোহালেই শারদীয়া দুর্গোৎসব শুরু। উৎসবের আগে কাজ না থাকায় আর্থিক অনিশ্চয়তায় দিশেহারা শ্রমিকরা দলবদ্ধ হয়ে ব্লক কার্যালয়ে উপস্থিত হন এবং দীর্ঘক্ষণ ধরে আন্দোলন চালান। খবর পেয়ে গন্ডাছড়া থানার পুলিশ ও টিএসআর জওয়ানরা ঘটনাস্থলে পৌঁছালেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেশ বেগ পেতে হয়। শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাক্কাধাক্কির ঘটনাও ঘটে।
অবশেষে, ডুম্বুরনগর ব্লকের বিডিও প্রহ্লাদ নোয়াতিয়া উপস্থিত হয়ে বিক্ষোভরত শ্রমিকদের সঙ্গে আলোচনা করেন। তিনি কাজের ব্যবস্থা করার আশ্বাস দিলে বিক্ষোভকারীরা আন্দোলন প্রত্যাহার করেন। তবে দিনভর এই ঘটনাকে কেন্দ্র করে ডুম্বুরনগর ব্লক এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*