সুব্রত দাস, গন্ডাছড়া, ১১ সেপ্টেম্বর || রাইমাভ্যালী বিধানসভা কেন্দ্রের অন্তর্গত গঙানগর থেকে মালদাপাড়া পর্যন্ত প্রায় সাড়ে নয় কিলোমিটার দীর্ঘ সড়কের বেহাল অবস্থায় অতিষ্ঠ স্থানীয় মানুষজন। প্রায় তিন থেকে চার বছর ধরে সংস্কারের অভাবে রাস্তাটি এতটাই শোচনীয় অবস্থায় পৌঁছেছে যে সাধারণ মানুষ থেকে ব্যবসায়ী— সকলে ভোগান্তির শিকার হচ্ছেন।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, খানাখন্দে ভরা এই রাস্তায় প্রতিদিন দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। এমনকি জরুরি পরিস্থিতিতেও অ্যাম্বুলেন্স বা অন্য কোনো প্রয়োজনীয় যানবাহন এই পথে আসতে চায় না। এক বাসিন্দা বলেন, “রাতে কোনো রোগীকে নিয়ে হাসপাতালে যেতে হলে ভয়াবহ সমস্যায় পড়তে হয়। প্রায়ই গাড়ি খারাপ হয়ে যায়, অতিরিক্ত খরচও বহন করতে হয়।”
বিশেষত জুম চাষের উপর নির্ভরশীল কৃষক ও ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য এই সড়ক এখন বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। প্রতিদিন বাজারে পণ্য পরিবহনের সময় নাজেহাল হতে হচ্ছে তাদের।
এলাকার মানুষ বহুবার এই সমস্যা সমাধানের দাবিতে সরব হয়েছেন। অভিযোগ, গত দুই বছরে অন্তত সাতবার রাস্তা অবরোধ করে প্রতিবাদ জানানো হয়েছে। স্থানীয় বিধায়িকা নন্দিতা দেববর্মা রিয়াং এবং এমডিসি ভূমিকা নন্দ রিয়াং-এর কাছেও লিখিতভাবে আবেদন করা হয়েছে। তবুও এখন পর্যন্ত সমস্যার স্থায়ী সমাধান মেলেনি।
এলাকাবাসীর প্রশ্ন, কবে সংস্কার হবে এই গুরুত্বপূর্ণ রাস্তা? তাদের একটাই দাবি— দ্রুত পদক্ষেপ গ্রহণ করে এই দুর্ভোগ থেকে মুক্তি দেওয়া হোক।
