আপডেট প্রতিনিধি, আগরতলা, ১১ সেপ্টেম্বর || আগামী শিক্ষাবর্ষ থেকে প্রথমবারের মতো ত্রিপুরা রাজ্যের সব সরকারি বিদ্যালয়ে একযোগে চালু হতে চলেছে “কমন ইউনিফর্ম” ব্যবস্থা। এ বিষয়ে ইতিমধ্যেই শিক্ষা দপ্তরের তরফে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী, বিদ্যাজ্যোতি স্কুল, পিএম-শ্রী স্কুল এবং অন্যান্য সব সরকারি বিদ্যালয়ে একক ইউনিফর্ম চালু হবে। তবে চারটি প্রতিষ্ঠানকে এই নিয়মের বাইরে রাখা হয়েছে— শিশু বিহার হাই স্কুল, সুখময় হাই স্কুল, উমাকান্ত একাডেমি (পশ্চিম ত্রিপুরা) এবং পিএম শ্রী রাধাকিশোর ইনস্টিটিউশন (ঊনকোটি জেলা)।
শিক্ষা দপ্তর জানিয়েছে, চলতি শিক্ষাবর্ষে পুরনো ইউনিফর্মের পাশাপাশি নতুন ইউনিফর্মও ব্যবহার করা যাবে, যাতে পরিবর্তনের প্রক্রিয়াটি মসৃণভাবে সম্পন্ন হয়। তবে পরবর্তী শিক্ষাবর্ষ থেকে এই নিয়ম কঠোরভাবে কার্যকর করা হবে।
‘সমগ্র শিক্ষা’ প্রকল্পের আওতায় ইতিমধ্যেই নবনির্ধারিত ইউনিফর্ম সরবরাহের কাজ শুরু হয়েছে এবং খুব শিগগিরই তা সম্পূর্ণ হবে। দপ্তরের দাবি, এই পদক্ষেপের মাধ্যমে ছাত্রছাত্রীদের মধ্যে শৃঙ্খলা, সমতা ও ঐক্যের পরিবেশ আরও সুদৃঢ় হবে।
