আপডেট প্রতিনিধি, কৈলাসহর, ১১ সেপ্টেম্বর || ১১ দফা দাবির ভিত্তিতে ঊনকোটি জেলা কংগ্রেস কমিটির উদ্যোগে বৃহস্পতিবার কৈলাসহরে ১২ ঘণ্টার সর্বাত্মক ধর্মঘট পালিত হয়। সকাল থেকেই শহর জুড়ে বন্ধ থাকে দোকানপাট, থমকে যায় যানবাহন চলাচল। কংগ্রেস কর্মী-সমর্থকেরা রাস্তায় নেমে পিকেটিং শুরু করেন।
শহরে শান্তিশৃঙ্খলা বজায় রাখতে মোতায়েন করা হয় বিশাল পুলিশ ও আধা সামরিক বাহিনী। পরিস্থিতি পর্যবেক্ষণে জেলা পুলিশ সুপার সুধামবিকা আর, অতিরিক্ত জেলা পুলিশ সুপার, কৈলাসহর থানার ওসি সহ প্রশাসনের শীর্ষকর্তারা উপস্থিত ছিলেন। তবে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে ধর্মঘট পালিত হয়।
দিনভর কংগ্রেসের পক্ষ থেকে গোটা শহরে মিছিল অনুষ্ঠিত হয়। এ প্রসঙ্গে কৈলাসহর কেন্দ্রের বিধায়ক বীরজিৎ সিনহা সংবাদমাধ্যমের সামনে প্রতিক্রিয়া জানান এবং ধর্মঘটকে জনসমর্থনের প্রতিফলন বলে উল্লেখ করেন।
