গোপাল সিং, খোয়াই, ১৮ সেপ্টেম্বর || নারীর স্বাস্থ্য সুরক্ষা ও পরিবারের সামগ্রিক কল্যাণ নিশ্চিত করতে জেলা পর্যায়ে আনুষ্ঠানিকভাবে শুরু হলো “সুস্থ নারী, সশক্ত পরিবার অভিযান”। ১৭ই সেপ্টেম্বর, বুধবার থেকে ২রা অক্টোবর ২০২৫ খোয়াই জেলা হাসপাতাল প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন ত্রিপুরা সরকারের সমবায়, জনজাতি কল্যাণ ও সংখ্যালঘু কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা।
অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন খোয়াই জেলা শাসক ও সমাহর্তা রজত পন্থ, খোয়াই জিলা পরিষদের সভাধিপতি অপর্ণা সিংহ রায় (দত্ত), খোয়াই আর.ডি. ও এস.সি. কল্যাণ সাব-কমিটির চেয়ারম্যান সমীর কুমার দাস, মেডিকেল সুপারিন্টেনডেন্ট, খোয়াই জেলা হাসপাতাল ডাঃ সরদিন্দু রিয়াং, সমাজসেবী সুমিত সরকার ও জয়ন্ত কুমার সাহা প্রমুখ।
এই অভিযানে একাধিক হেলথ কিয়স্ক স্থাপন করা হয়, যেখানে মাতৃ ও শিশুসেবা, কিশোরী স্বাস্থ্য, পুষ্টি, অ-সংক্রামক রোগ প্রতিরোধ, মানসিক স্বাস্থ্য, ক্যান্সার স্ক্রিনিং, টিবি পরীক্ষা, চোখ-নাক-কান-দাঁতের চিকিৎসা পরামর্শ, অঙ্গদান সচেতনতা সহ নানা বিষয়ে সাধারণ মানুষকে স্বাস্থ্যপরিষেবা প্রদান করা হয়।
স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, এই কর্মসূচির মূল লক্ষ্য হল— নারীর স্বাস্থ্যসেবা ও সচেতনতা বৃদ্ধি, পরিবারে পুষ্টি ও সুস্থ জীবনযাত্রা নিশ্চিত করা, বিভিন্ন রোগ প্রতিরোধে আগাম পদক্ষেপ গ্রহণ। কর্মসূচিটি সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য জেলার চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবীরা একযোগে কাজ করছেন।
