সাংবাদিকের সঙ্গে দুর্ব্যবহার, প্রতিবাদে কৈলাসহর জার্নালিস্টস ক্লাবের স্মারকলিপি

গোপাল সিং, খোয়াই, ১৮ সেপ্টেম্বর || ঊনকোটি জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডি.কে. পাল-এর বিরুদ্ধে সাংবাদিকের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে তীব্র প্রতিবাদে সরব হলো কৈলাসহর জার্নালিস্টস ক্লাব। বুধবার দুপুরে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ও হাসপাতালের এমএস ইনচার্জের কাছে স্মারকলিপি প্রদান করে ক্লাব কর্তৃপক্ষ।
ঘটনা ঘটে গত ১৬ই সেপ্টেম্বর সন্ধ্যায়। অভিযোগ, গুরুত্বপূর্ণ সংবাদ সংগ্রহ করতে হাসপাতালে গেলে ক্লাবের সহ-সম্পাদক শুভঙ্কর দাসের সঙ্গে অকারণে দুর্ব্যবহার করেন চিকিৎসক ডি.কে. পাল। অভিযোগ অনুযায়ী, তিনি উত্তেজিত হয়ে সাংবাদিককে হাসপাতাল প্রাঙ্গণ থেকে বেরিয়ে যেতে বলেন, এমনকি কৈলাসহরের সাংবাদিকরা মানুষ নন বলে অপমান করেন। পাশাপাশি, পরের দিন থেকে কোনো সাংবাদিককে হাসপাতালে প্রবেশ করতে না দেওয়ার নির্দেশ দেন সিকিউরিটি গার্ডকে। ঘটনাটি প্রত্যক্ষ করেন বহু রোগীর পরিজনও। এ ঘটনায় ক্ষুব্ধ জার্নালিস্টস ক্লাব আজ স্মারকলিপি দিয়ে ৪৮ ঘণ্টার মধ্যে সুবিচারের দাবি জানায়। সময়সীমার মধ্যে ব্যবস্থা না নেওয়া হলে জেলা হাসপাতালের সামনে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছে ক্লাব কর্তৃপক্ষ। আজকের কর্মসূচিতে উপস্থিত ছিলেন ক্লাব সভাপতি উত্তম দেব, সহ-সভাপতি উত্তম সিনহা, সম্পাদক নারায়ণ সাহা, অফিস সম্পাদক মো. আব্দুল সুফান, সহ-সম্পাদক আজির মিয়া, সাংবাদিক অধিপ দেব, বিদ্যুৎ বৈদ্যসহ অন্যান্য সদস্যরা।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*