গোপাল সিং, খোয়াই, ২৫ সেপ্টেম্বর || প্রয়াত প্রখ্যাত সংগীতশিল্পী এবং উত্তরপূর্বাঞ্চলের গর্ব, জুবিন গর্গের পুণ্য স্মৃতির উদ্দেশ্যে আজ সন্ধ্যায় খোয়াই কোহিনূর কমপ্লেক্স চত্বরে এক মর্মস্পর্শী শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন করা হয়। খোয়াই কালচারাল সেলের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত এই আয়োজনে জুবিন গর্গের অসংখ্য অনুরাগী এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক বিনয় দেববর্মা, সমীর কুমার দাস, অনূকূল দাস, প্রণব বিশ্বাস, অনিমেষ নাগ, সত্যজিৎ পাল, খোয়াই কালচারাল সেলের সভাপতি দীপঙ্কর ভট্টাচার্য, সম্পাদক শুভম আইচ, বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্টিং মিডিয়ার সাংবাদিকবৃন্দ, লিও ক্লাব অব খোয়াই এবং লাইন্স ক্লাব অব খোয়াই এর সকল সদস্যবৃন্দ, শিল্পী, কবি-সাহিত্যিক, যুব ও তরুণ প্রজন্মের ছেলেমেয়েরা সহ সর্বস্তরের জনগণ।
অনুষ্ঠানের সূচনা হয় এক আবেগঘন মুহূর্তে, যখন খোয়াই কালচারাল সেলের পক্ষ থেকে জুবিন গর্গের প্রতিকৃতিতে একটি ঐতিহ্যবাহী অহমিয়া গামছা স্থাপন করা হয়। এরপর উপস্থিত সকলে জুবিন গর্গের প্রতিকৃতির সামনে মোমবাতি প্রজ্জ্বলন করেন এবং পুষ্পার্ঘ্য নিবেদন করেন। এই সময় সাউন্ডবক্সে বাজছিল জুবিন গর্গের গাওয়া বিখ্যাত অহমিয়া গান ‘মায়াবিনী’, যা অনুষ্ঠানে এক বিষণ্ণ অথচ শ্রদ্ধাময় পরিবেশ সৃষ্টি করে।
শ্রদ্ধা নিবেদনের পর উপনিষদের শান্তিমন্ত্র পাঠ করেন সৌর প্রতিম শর্ম্মা। এরপর উপস্থিত সকলে এক মিনিট নীরবতা পালনের মাধ্যমে জুবিন গর্গের প্রতি সম্মান জানান। অনুষ্ঠানের শেষে খোয়াই পৌর পরিষদের ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি পিযুষ কান্তি চৌধুরী সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। এই শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে জুবিন গর্গের অনুরাগীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
