বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ২৫ সেপ্টেম্বর || দক্ষিণ জেলার ২৬ নম্বর বীরচন্দ্র কলসী আসনের এম ডি সি সঞ্জীব রিয়াংয়ের উদ্যোগে বুধবার বিকেলে এক বস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পূজার প্রাকমুহূর্তে এডিসি এলাকার সাধারণ মানুষের স্বার্থে এম ডি সির ফান্ড থেকে এই কর্মসূচি গ্রহণ করা হয়।
অনুষ্ঠানটি আয়োজিত হয় ২৬ নম্বর আসনের অন্তর্গত ২৭ নম্বর বুথে। এদিন প্রায় ১০০ জন মহিলাকে শাড়ি, ১০০ জন মগ জনজাতি মহিলাকে পাছড়া এবং রিয়াং ও তিপ্রা জনজাতি সম্প্রদায়ের মানুষদের মাঝেও বস্ত্র বিতরণ করা হয়।
অনুষ্ঠান সম্পর্কে সংবাদমাধ্যমের কাছে সঞ্জীব রিয়াং জানান, তাঁর কেন্দ্রে মোট ৪৫টি বুথে ধাপে ধাপে এই ধরনের সামাজিক কর্মসূচি গ্রহণ করা হবে। তিনি প্রতিনিয়ত এডিসি এলাকার উন্নয়ন এবং স্থানীয় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন বলেও উল্লেখ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির দক্ষিণ জেলা সভাপতি দিপায়ন চৌধুরী, ৩৮ জোলাইবাড়ী বিজেপি মণ্ডল সভাপতি সুজিত দত্ত, বিজেপি যুব মোর্চার মণ্ডল সভাপতি কেশব চৌধুরী, জোলাইবাড়ী ব্লকের বি এস সির চেয়ারম্যান অশোক মগসহ অন্যান্য নেতৃত্ববৃন্দ।
বক্তারা তাদের বক্তব্যে রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি তুলে ধরেন। উৎসবের প্রাক্কালে বস্ত্র হাতে পেয়ে খুশি হন কলসী এডিসি ভিলেজের স্থানীয় বাসিন্দারা।
