বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ০৬ নভেম্বর || একদিকে রাজ্য সরকার কৃষকদের আয় দ্বিগুণ করতে ও আত্মনির্ভর করে তুলতে নিরলস প্রচেষ্টা চালাচ্ছে, অপরদিকে কিছু অসাধু চক্র সেই উদ্যোগে জল ঢালছে। তেমনই এক হৃদয়বিদারক ঘটনা ঘটেছে জোলাইবাড়ি আরডি ব্লকের কলসি এডিসি ভিলেজের অন্তর্গত আনন্দপাড়ায়।
স্থানীয় দুই যুবক — পরম দাস ও সুব্রত সোম — আত্মনির্ভর হওয়ার স্বপ্ন নিয়ে পার্টনারশিপে একটি তিন কানি দীর্ঘ পুকুর লিজ নিয়ে মৎস্য চাষ শুরু করেন। পুকুর লিজ, বিদ্যুৎ সংযোগ, জলের মোটর, সিসি ক্যামেরা ইত্যাদি মিলে মোট বিনিয়োগ হয় প্রায় ২৭ লক্ষ টাকা। কিন্তু সেই স্বপ্ন এক রাতেই ধুলিসাৎ।
মঙ্গলবার ভোরে ঘুম থেকে উঠে তাঁরা দেখেন পুকুরের সমস্ত মাছ মরে ভেসে উঠেছে। অনুমান করা হচ্ছে, রাতে কেউ পুকুরে বিষ ঢেলে দিয়েছে। ঘটনাটি প্রকাশ্যে আসতেই এলাকাজুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। দুই যুবক চোখের সামনে তাদের সমস্ত পরিশ্রম ও স্বপ্নের ভেঙে পড়া দেখে কান্নায় ভেঙে পড়েন।
স্থানীয় বাসিন্দারা এই নৃশংস ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন এবং প্রশাসনের কাছে দোষীদের কঠোর শাস্তির দাবি তুলেছেন।
