সাগর দেব, তেলিয়ামুড়া, ০৮ নভেম্বর || দীর্ঘদিনের বকেয়া মজুরি না পেয়ে ক্ষুব্ধ রেগা শ্রমিকরা শনিবার ধলাই জেলার কমলপুর মহকুমার অন্তর্গত পানবোয়া পঞ্চায়েত অফিসে তালা ঝুলিয়ে প্রতিবাদ জানিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, পানবোয়া পঞ্চায়েত এলাকার রেগা প্রকল্পে কাজ করা শ্রমিকরা গত কয়েক মাস ধরে তাদের প্রাপ্য মজুরি পাচ্ছেন না। একাধিকবার পঞ্চায়েত কর্তৃপক্ষের কাছে দাবি জানানো সত্ত্বেও কোনো সমাধান না হওয়ায় অবশেষে শ্রমিকরা আজ দুপুরে একত্রিত হয়ে পঞ্চায়েত কার্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন।
শ্রমিকদের অভিযোগ, সরকার প্রকল্পে পরিশ্রম করেও তারা ন্যায্য প্রাপ্য থেকে বঞ্চিত হচ্ছেন। তাদের স্পষ্ট বক্তব্য— “যতদিন পর্যন্ত বকেয়া মজুরি না দেওয়া হবে, ততদিন এই আন্দোলন চলবে।”
ঘটনার জেরে পঞ্চায়েত অফিসের দৈনন্দিন কার্যক্রম সম্পূর্ণরূপে ব্যাহত হয়েছে। তবে এ বিষয়ে পঞ্চায়েত কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
