আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৯ নভেম্বর || ত্রিপুরা স্টেট ভারত স্কাউটস অ্যান্ড গাইডস-এর ২৭ সদস্যের একটি প্রতিনিধি দল বুধবার আগরতলা থেকে উত্তরপ্রদেশের লক্ষ্ণৌর উদ্দেশে রওনা দিল ১৯তম ন্যাশনাল জ্যাম্বোরিতে অংশগ্রহণের লক্ষ্যে। রাজ্যের আটটি জেলা থেকে নির্বাচিত ২৭ জন অংশগ্রহণকারী, সঙ্গে তিনজন কনটিনজেন্ট লিডার এবং দুইজন অফিসিয়াল স্টাফ—মোট ৩২ জনের এই দলটি এদিন সকালেই আগরতলা রেলওয়ে স্টেশন থেকে যাত্রা শুরু করে।
রওনা দেওয়ার আগে স্টেশনে উপস্থিত হয়ে দলটির সদস্যদের শুভেচ্ছা ও সফলতার বার্তা জানান রাজ্যের স্কাউটস অ্যান্ড গাইডস দপ্তরের বিভিন্ন পদস্থ আধিকারিকরা। তরুণ-তরুণীদের উৎসাহ দিতে তারা জানিয়েছেন, ত্রিপুরার নাম উজ্জ্বল করবে এই প্রতিনিধি দল।
আগামী কয়েকদিন চলবে জাতীয় স্তরের এই জ্যাম্বোরি, যেখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজারো স্কাউটস অ্যান্ড গাইডস অংশ নেবে। বিভিন্ন সাংস্কৃতিক, শৈল্পিক ও নেতৃত্বমূলক কার্যক্রমে অংশ নিয়ে নিজেদের দক্ষতা প্রদর্শনের সুযোগ পাবে ত্রিপুরার প্রতিনিধিরাও।
ত্রিপুরা দলের সুষ্ঠু যাত্রা ও সফল অংশগ্রহণের আশাবাদে মুখর রাজ্যের স্কাউটস মহল।
