স্কুলে অনুষ্ঠান চলাকালীন অসুস্থ হয়ে দ্বিতীয় শ্রেণির ছাত্রীর মর্মান্তিক মৃত্যু, ক্ষুদিরাম স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে অবহেলার অভিযোগ, ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা

আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৯ নভেম্বর || আগরতলার শহিদ ক্ষুদিরাম বসু ইংলিশ মিডিয়াম স্কুলে এক হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। বিদ্যালয়ের চলমান এক অনুষ্ঠানের সময় অসুস্থ হয়ে পড়া দ্বিতীয় শ্রেণির ছাত্রী দ্বীপানিতা পালের মৃত্যু ঘিরে এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। পরিবারের অভিযোগ, শিক্ষক-শিক্ষিকারা সময়মতো শিশুটির দিকে নজর দেননি। ফলে অভিভাবকদের মধ্যে তীব্র ক্ষোভ ও বিক্ষোভ তৈরি হয়েছে। তাদের অভিযোগ—“এভাবে উদাসীনতা চলতে থাকলে আরও বহু মায়ের কোল খালি হবে।”
দ্বীপানিতা পাল, যোগেন্দ্রনগরের বাসিন্দা দেবাশীষ পালের কন্যা। স্কুল থেকে ফিরে অসুস্থ অবস্থায় তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা জানান, সানস্ট্রোকে আক্রান্ত হয়েছিল সে। বহু চেষ্টা সত্ত্বেও শেষ পর্যন্ত মঙ্গলবার চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়ে এই দ্বিতীয় শ্রেণির ছাত্রী।
বুধবার দ্বীপানিতার বাসভবনে গিয়ে শোকাহত পরিবারের পাশে দাঁড়ান প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। তিনি দ্বীপানিতার বাবা-মায়ের সঙ্গে কথা বলে স্কুলে ঘটে যাওয়া ঘটনার বিস্তারিত জানতে চান। পরিবার জানিয়েছেন, অনুষ্ঠান চলাকালীনই শিশুটি অসুস্থতা বোধ করছিল, কিন্তু সেই সময় যথাযথ ব্যবস্থা নেওয়া হয়নি বলে তাদের অভিযোগ।
দ্বীপানিতার অকাল প্রয়াণে শোকস্তব্ধ সকলেই। প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক বলেন, “এই শূন্যতা কোনোদিনই পূরণ হবে না। ঈশ্বর এই কঠিন সময়ে পরিবারকে শক্তি দিন। দ্বীপানিতা যেন অন্য পারে ভালো থাকে।”
ঘটনার তদন্ত ও স্কুল কর্তৃপক্ষের দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে অভিভাবক মহলে। প্রশাসনের পক্ষ থেকে দ্রুত পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*