আপডেট প্রতিনিধি, আগরতলা, ১১ ডিসেম্বর || ত্রিপুরা ট্যুরিজম ডিপার্টমেন্টের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলার গীতাঞ্জলি ট্যুরিজম গেস্ট হাউসে অনুষ্ঠিত হলো গুরুত্বপূর্ণ বিজনেস-টু-বিজনেস (B2B) Meet। রাজ্যের পর্যটন সম্ভাবনাকে দেশ-বিদেশের পর্যটকদের সামনে তুলে ধরতেই এই বিশেষ বৈঠকের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, পর্যটন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী, দপ্তরের সচিব ইউ. কে. চাকমা এবং ট্যুরিজম ডিপার্টমেন্টের অধিকর্তা সহ অন্যান্য কর্মকর্তারা।
এদিনের এই B2B Meet-এ দেশের বিভিন্ন রাজ্যের ট্যুর অপারেটরদের পাশাপাশি বেশ কয়েকটি দেশের প্রতিনিধিরাও অংশ নেন। “ইউনিটি প্রমো ফেস্ট – ২০২৫” উপলক্ষে আগরতলায় আগত ট্যুর অপারেটরদের সঙ্গে মুখোমুখি বৈঠকে রাজ্যের পর্যটন ক্ষেত্রকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার দিকনির্দেশনা প্রদান করা হয়।
মুখ্যমন্ত্রী ড. মানিক সাহা বলেন, ত্রিপুরার অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য, ঐতিহ্য, সংস্কৃতি এবং উন্নত পরিকাঠামো দেশ-বিদেশের পর্যটকদের আকর্ষণ করার সামর্থ্য রাখে। তাই B2B প্ল্যাটফর্ম রাজ্যের পর্যটন ব্যবসাকে আরও প্রসারিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।
পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী জানান, সরকার পর্যটনক্ষেত্রে বিনিয়োগ ও সুযোগ বৃদ্ধি করতে বদ্ধপরিকর। বিভিন্ন রাজ্য ও দেশের ট্যুর অপারেটরদের সঙ্গে এই সরাসরি যোগাযোগ ভবিষ্যতের পর্যটন সম্ভাবনাকে আরও সমৃদ্ধ করবে।
সার্বিকভাবে, গীতাঞ্জলি গেস্ট হাউসে আয়োজিত এই B2B Meet ত্রিপুরার পর্যটন শিল্পকে দেশ-বিদেশে তুলে ধরার এক উল্লেখযোগ্য পদক্ষেপ হিসেবে চিহ্নিত হলো।
