তেলিয়ামুড়ায় ড্রাগসজনিত যুবকের মৃত্যু ঘিরে উত্তেজনা, অভিযুক্তের বাড়িতে হামলা

সাগর দেব, তেলিয়ামুড়া, ১২ ডিসেম্বর || তেলিয়ামুড়ার নেতাজি নগর মোটর স্ট্যান্ড সংলগ্ন এলাকায় ড্রাগস সেবনের জেরে এক যুবকের মৃত্যুকে কেন্দ্র করে বৃহস্পতিবার গভীর রাতে উত্তাল হয়ে উঠল গোটা এলাকা। মৃত যুবকের নাম নারায়ণ মাদ্রাজি। তিনি দীর্ঘদিন ধরেই মাদকাসক্ত ছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
স্থানীয়দের অভিযোগ, নারায়ণ দীর্ঘদিন ধরে একই এলাকার বাসিন্দা প্রশান্ত সরকার ওরফে ‘পেরু’-র কাছ থেকে ড্রাগস সংগ্রহ করতেন। অভিযুক্ত প্রশান্ত সরকার তেলিয়ামুড়া মহকুমার অন্যতম কুখ্যাত মাদকচক্রের হোতা হিসেবে পরিচিত।
নারায়ণের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই এলাকায় উত্তেজনা তুঙ্গে ওঠে। পরে গভীর রাতে ক্ষুব্ধ স্থানীয়দের একটি দল সঙ্গবদ্ধভাবে প্রশান্ত সরকারের বাড়িতে চড়াও হয়। তাঁর স্কুটি ও একটি দোকানে আগুন ধরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। ঘটনায় এলাকাজুড়ে চরম উন্মাদনা ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছায় তেলিয়ামুড়া মহকুমা প্রশাসনের ডি.সি.এম এবং এস.ডি.পি.ও-র নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী। তেলিয়ামুড়া থানার পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।
স্থানীয় বাসিন্দাদের দাবি, ‘পেরু’ দীর্ঘদিন ধরে এলাকায় ড্রাগস সরবরাহ করে যুবসমাজকে পথভ্রষ্ট করছে। প্রশাসনের উচিত তাঁর বিরুদ্ধে দ্রুত ও কঠোর ব্যবস্থা গ্রহণ করা।
এই ঘটনার পর মাদকবিরোধী জনমত আরও তীব্র হয়েছে। প্রশ্ন উঠছে—আর কত নারায়ণকে হারানোর পর প্রশাসন কার্যকর পদক্ষেপ নেবে? মাদকের বিরুদ্ধে এই জনরোষ শেষ পর্যন্ত কতটা প্রশাসনিক পদক্ষেপে রূপ নেবে, সেদিকেই এখন নজর।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*