আপডেট প্রতিনিধি, আগরতলা, ১২ ডিসেম্বর || গ্রাহকদের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরতে শুক্রবার আগরতলা প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন আয়োজন করল ইন্ডিয়ান অয়েলের আধিকারিকরা। এদিন আধিকারিকদের বক্তব্যে উঠে আসে প্রধানমন্ত্রী উজ্বলা যোজনা (PMUY)-র সাফল্যের নানা দিক।
তারা জানান, PMUY ইতিমধ্যেই ১০ কোটিরও বেশি পরিবারকে পরিষ্কার জ্বালানির আওতায় এনেছে। এই প্রকল্প ঘরোয়া রান্নায় পরিষ্কার বিকল্প প্রদান করার পাশাপাশি ঘরের ভিতরের বায়ু দূষণের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমিয়েছে।
ইন্ডিয়ান অয়েল কর্তৃপক্ষ আরও জানায়, ২০২৪-২৫ অর্থবর্ষে PMUY সুবিধাভোগীদের মধ্যে এলপিজি ব্যবহারের হার প্রতি পরিবারে বছরে গড়ে ৪.৪৭টি রিফিল হয়েছে, যেখানে ২০১৯-২০ অর্থবর্ষে এই হার ছিল ৩.০১। অর্থাৎ ব্যবহার ক্রমাগত বাড়ছে।
সুবিধাভোগীরা বিনামূল্যে এলপিজি সংযোগ পাচ্ছেন—যার অন্তর্ভুক্ত রয়েছে জমা-মুক্ত সিলিন্ডার, চাপ নিয়ন্ত্রক, সুরক্ষা হোস এবং ডোমেস্টিক গ্যাস গ্রাহক কার্ড (DGCC)।
সাংবাদিক সম্মেলনে ইন্ডিয়ান অয়েলের আধিকারিকরা জানান, সরকারের উদ্যোগে রান্নার জ্বালানির ক্ষেত্রে সচেতনতা ও সুবিধা দুটোই বৃদ্ধি পেয়েছে, যা সাধারণ মানুষের জীবনে ইতিবাচক প্রভাব ফেলছে।
