গোপাল সিং, খোয়াই, ২৫ জানুয়ারি || ২৬শে জানুয়ারি ‘রিপাবলিক-ডে’কে সামনে রেখে খোয়াই জুড়ে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। জাতীয় দিবসকে শান্তিপূর্ণ ও সুরক্ষিতভাবে উদযাপনের লক্ষ্যে শুক্রবার খোয়াইয়ের চাম্পাহাওড় থানা এলাকায় বিশেষ নিরাপত্তা অভিযান ও ভেহিক্যাল চেকিং পরিচালনা করা হয়।
এই অভিযানে চাম্পাহাওড় থানার ওসি ও এসআইয়ের নেতৃত্বে পুলিশ বাহিনীর পাশাপাশি বিএসএফ কোম্পানি কমান্ডেন্ট এবং ডগ স্কোয়াড সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। সন্দেহজনক যানবাহন ও চলাচলের উপর কড়া নজরদারি চালানো হয়, পাশাপাশি প্রয়োজন অনুযায়ী তল্লাশিও করা হয়।
পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রজাতন্ত্র দিবস উপলক্ষে যেকোনো ধরনের বেআইনি কার্যকলাপ বা নাশকতার সম্ভাবনা আগেভাগেই রুখে দিতে এই অভিযান চালানো হচ্ছে। পুরো অভিযান শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে এবং কোথাও কোনও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
প্রশাসন আরও জানায়, জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করা এবং জাতীয় দিবসের মর্যাদা অক্ষুণ্ণ রাখতে আগামী দিনগুলিতেও এই ধরনের নজরদারি, ভেহিক্যাল চেকিং ও টহলদারি অভিযান অব্যাহত থাকবে।
